কুমিল্লা: টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। সোমবার সকালে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হিমশিম খান।
নগরের বিভিন্ন সড়ক এবং পরীক্ষাকেন্দ্রের আশপাশে পানি জমে যাওয়ায় অনেক এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়। ফলে চরম ভোগান্তির মধ্য দিয়ে শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যেতে হয়। কোথাও কোথাও নৌকায় চড়ে কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে পরীক্ষার্থীদের।
কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের ভেতরে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নৌকার ব্যবস্থা করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে কয়েকজন পরীক্ষার্থীকে নৌকায় করে কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়।
জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের ভোগান্তির বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ বলেন, "কেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখছে।"
পরীক্ষার্থী তাছলিমা আক্তার বলেন, "এমন প্রাকৃতিক দুর্যোগে সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা উচিত ছিল। বৃষ্টিতে ভিজে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে।"
কেন্দ্রের বাইরে দেখা যায়, অধিকাংশ শিক্ষার্থী ভেজা কাপড়েই পরীক্ষায় অংশ নিতে এসেছেন। পানিতে তলিয়ে যাওয়া সড়কে কয়েকজনকে পড়ে যেতেও দেখা গেছে। এ পরিস্থিতিতে অভিভাবকদের মধ্যেও ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, পরীক্ষা শুরুর আগেই তিনি সরকারি মহিলা কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে প্রবেশের বিষয়টি তদারকি করেন। তিনি নিজেও পানিতে নেমে নৌকার মাধ্যমে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে সহায়তা করেন।
এদিকে জলাবদ্ধতার সুযোগে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া দ্বিগুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন চালকেরা। এতে পরীক্ষার্থী ও সাধারণ যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে।
স্কাই টাইমস/ এমএ/ ১৩ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬