শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করে তোলার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রায় সব অঙ্গরাজ্যের সঙ্গে মামলা নিষ্পত্তিতে সম্মত হয়েছে মেটা। চুক্তির আওতায় আগামী এক দশকে সর্বোচ্চ প্রায় ১৮ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠানটিকে।বুধবার ঘোষিত এই সমঝোতার মধ্য দিয়ে শিশুদের জন্য মেটার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বেশ কিছু নতুন বিধিনিষেধ আরোপ হতে যাচ্ছে। তবে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কাঠামোয় মৌলিক কোনো পরিবর্তন আনার বাধ্যবাধকতা থাকছে না।মামলায় অভিযোগ ছিল, মেটা ইচ্ছাকৃতভাবে এমনভাবে ফেসবুক ও ইনস্টাগ্রামের পণ্য ও ফিচার ডিজাইন করেছে, যা শিশু-কিশোরদের অতিরিক্ত ব্যবহারে উৎসাহিত করে। একই সঙ্গে প্ল্যাটফর্মগুলোর নিরাপত্তা নিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগও আনা হয়েছিল।সমঝোতা অনুযায়ী, অভিভাবকের অনুমতি না থাকলে কিশোররা ফেসবুক ও ইনস্টাগ্রাম সর্বোচ্চ দিনে দুই ঘণ্টা ব্যবহার করতে পারবে। এছাড়া রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত তাদের ব্যবহার সম্পূর্ণ বন্ধ রাখার ব্যবস্থা করা হবে।শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কিশোরদের কাছে অধিকাংশ পুশ নোটিফিকেশনও বন্ধ রাখবে মেটা। বয়সসীমা নির্ধারিত কনটেন্টে শিশুদের প্রবেশ ঠেকাতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও রয়েছে চুক্তিতে।প্রায় ১৬.৭ বিলিয়ন ডলার যাবে অঙ্গরাজ্যগুলোতেসমঝোতার আওতায় যুক্তরাষ্ট্রের ৪৭টি অঙ্গরাজ্য, ওয়াশিংটন ডিসি, পুয়ের্তো রিকো, আমেরিকান সামোয়া এবং নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডসকে সর্বোচ্চ প্রায় ১৬.৭ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে মেটাকে।এর মধ্যে ক্যালিফোর্নিয়া পেতে পারে প্রায় ২.২ বিলিয়ন ডলার এবং নিউইয়র্ক প্রায় ১.১ বিলিয়ন ডলার। টেক্সাস আলাদাভাবে ১ বিলিয়ন ডলারের বেশি মূল্যের একটি সমঝোতায় পৌঁছেছে।কিছু অঙ্গরাজ্য এই অর্থ সাধারণ তহবিলে জমা করবে। আবার কিছু রাজ্য শিশুদের মানসিক স্বাস্থ্যসহ সংশ্লিষ্ট কার্যক্রমে অর্থ ব্যয়ের পরিকল্পনা করেছে। আরও ৫ বিলিয়ন ডলার নির্ভর করছে অন্য প্ল্যাটফর্মের ওপরমেটার জন্য প্রায় ১২.৭ বিলিয়ন ডলার পরিশোধ নিশ্চিত করা হয়েছে। আরও প্রায় ৫ বিলিয়ন ডলার দিতে হবে কিনা, তা নির্ভর করবে স্ন্যাপচ্যাট, টিকটক ও ইউটিউব কিশোরদের জন্য একই ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে কিনা তার ওপর।মেটা জানিয়েছে, শিশু-কিশোরদের জন্য নিরাপদ ও ইতিবাচক অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করা তাদের অন্যতম অগ্রাধিকার।তবে সমঝোতার কারণে মেটাকে ব্যক্তিকেন্দ্রিক কনটেন্ট সুপারিশ বা লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন পুরোপুরি বন্ধ করতে হচ্ছে না। ইনস্টাগ্রামে শরীরের গঠন নিয়ে নেতিবাচক ধারণা তৈরিতে ভূমিকা রাখতে পারে—এমন কিছু কনটেন্ট নিয়েও চুক্তিতে নির্দিষ্ট কোনো ব্যবস্থা রাখা হয়নি।ক্যামব্রিজ অ্যানালিটিকা মামলাতেও অর্থ দেবে মেটাশিশুদের নিরাপত্তা সংক্রান্ত সমঝোতার পাশাপাশি ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তিতেও মেটাকে প্রায় ৪৫৯ মিলিয়ন ডলার দিতে হবে।২০১৮ সালে ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি সামনে আসে। অভিযোগ ছিল, একটি ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান অনুমতি ছাড়া লাখ লাখ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিল।আদালতের অনুমোদনযুক্তরাষ্ট্রের জেলা বিচারক ইভন গঞ্জালেজ রজার্স বুধবার প্রধান সমঝোতাটির অনুমোদন দেন। শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষতিকর প্রভাব নিয়ে চলা মামলার বিচারকাজ তিনি তদারক করছিলেন।শুনানিতে তিনি সমঝোতাটিকে শিশুদের সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।এদিকে সমঝোতার খবর প্রকাশের পর মেটার শেয়ারের দাম একপর্যায়ে ৪.১ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। দিনের শেষে শেয়ারের দাম ১.১ শতাংশ বেড়ে লেনদেন শেষ হয়।আরও হাজারো মামলা চলমানমেটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে এখনো হাজার হাজার মামলা রয়েছে। এসব মামলায় ব্যক্তি, স্কুল জেলা, স্থানীয় সরকার ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান অভিযোগ করেছে—সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলো শিশুদের আসক্ত করার মতো পণ্য তৈরি করেছে এবং এর ফলে উদ্বেগ, বিষণ্নতা ও আত্মহত্যার ঝুঁকিসহ নানা মানসিক স্বাস্থ্য সমস্যা তৈরি হয়েছে।তবে মেটা বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। প্রতিষ্ঠানটির দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি নিয়ে যে অভিযোগ করা হচ্ছে, সেটিকে স্বীকৃত মানসিক রোগ হিসেবে প্রতিষ্ঠিত করা যায়নি।যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য অবশ্য মেটার বিরুদ্ধে পৃথক আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। ফলে শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে মেটার বিরুদ্ধে আইনি ও রাজনৈতিক চাপ এখনো অব্যাহত রয়েছে।স্কাই টাইমস/ এমএ/ ২৭ আগস্ট