অভিনয় থেকে অনেকটাই নিজেকে গুটিয়ে নিয়েছেন জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। ব্যক্তিগত জীবন ও আধ্যাত্মিকতায় বড় ধরনের পরিবর্তন আসার কথা জানিয়ে তিনি বলেছেন, এখন ইচ্ছা হলেই শুধু বিজ্ঞাপনে কাজ করেন। নিয়মিত অভিনয়ে ফেরারও আপাতত কোনো পরিকল্পনা নেই তার।সম্প্রতি নিজের বর্তমান জীবনযাপন নিয়ে কথা বলতে গিয়ে হাসান মাসুদ জানান, গত কয়েক বছরে তার মধ্যে বড় ধরনের পরিবর্তন এসেছে। তিনি এখন আগের তুলনায় অনেক বেশি ধর্মপ্রাণ। সম্প্রতি পবিত্র হজ পালন করে মক্কা ও মদিনায় ৪১ দিন কাটিয়েছেন বলেও জানান এই অভিনেতা।হাসান মাসুদের ভাষায়, হজে যাওয়ার আগেই তার মধ্যে পরিবর্তনের সূচনা হয়েছিল। হজ পালনের পর নিজেকে আরও বদলে যাওয়া একজন মানুষ হিসেবে অনুভব করছেন তিনি।অভিনয় থেকে দূরে থাকার বিষয়ে তিনি বলেন, বর্তমানে নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছেন। নিয়মিত অভিনয় করছেন না। বিজ্ঞাপনে কাজ করলেও সেটি করছেন নিজের ইচ্ছা অনুযায়ী।অভিনয়জীবনের পুরোনো স্মৃতিচারণ করতে গিয়ে তিনি নির্মাতা মাহফুজ আহমেদের পরিচালনায় ‘গ্র্যান্ডমাস্টার’ নামের একটি মিনি সিরিজে অভিনেতা হায়াতের সঙ্গে কাজ করার কথাও স্মরণ করেন। গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে প্রায় চার দিন ধরে ওই কাজের শুটিং হয়েছিল বলে জানান তিনি।নিজের আগের জীবন নিয়েও খোলামেলা কথা বলেছেন হাসান মাসুদ। একসময় প্রচুর বই পড়তেন তিনি। কিন্তু দীর্ঘদিন বই পড়তে পড়তে একটা পর্যায়ে নিজেকে অনেকটা যন্ত্রের মতো মনে হতো বলে জানান। আবেগ ও অনুভূতির জায়গাটিও যেন ভোঁতা হয়ে গিয়েছিল বলে তার উপলব্ধি।এক পর্যায়ে নীলক্ষেতে নিজের সংগ্রহে থাকা প্রায় ১ হাজার ২০০ বই খুব কম দামে বিক্রি করে দেন তিনি। এরপর আর বই পড়ায় ফিরে যাননি।অভিনয় থেকে দূরে থাকার আরেকটি কারণ হিসেবে বর্তমান সময়ের কনটেন্টের মান নিয়েও হতাশা প্রকাশ করেছেন হাসান মাসুদ। তার মতে, ভালো গল্প ও মানসম্মত কনটেন্টের ঘাটতি রয়েছে। শুধু দর্শককে হাসানোর লক্ষ্য নিয়ে কনটেন্ট তৈরি করার প্রবণতাও তার পছন্দ নয়।অভিনয় থেকে প্রায় দুই-তিন বছর ধরে দূরে থাকা এই অভিনেতা বলেন, বর্তমানে কাজ করার মতো ভালো কনটেন্ট না পাওয়াটা তার নেতিবাচক অনুভূতির অন্যতম কারণ।শেষে দর্শক-শ্রোতাদের উদ্দেশে সততা ও সত্য বলার ওপর গুরুত্ব দিয়ে হাসান মাসুদ বলেন, ভালো থাকুন, সৎ থাকুন এবং সবসময় সত্য কথা বলার চেষ্টা করুন। তার মতে, সত্য সুন্দর।স্কাই টাইমস/ এমএ/ ০৯ আগস্ট