বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে মেধাভিত্তিক ব্যবস্থা বজায় রাখা এবং এনটিআরসিএ (NTRCA)-ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া আরও শক্তিশালী করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।সোমবার (১০ আগস্ট) গভীর রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি তরুণদের এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগে এনটিআরসিএর মেধাভিত্তিক সুপারিশ ব্যবস্থা বহু তরুণের জন্য স্বচ্ছ ও প্রতিযোগিতামূলকভাবে চাকরিতে প্রবেশের সুযোগ তৈরি করেছে। তার দাবি, সরকারি নথি অনুযায়ী ২০১৫ সালের পর থেকে শূন্য পদের বিপরীতে মেধার ভিত্তিতে প্রার্থী বাছাই ও নিয়োগ সুপারিশ করে আসছে এনটিআরসিএ।এই ব্যবস্থা দুর্বল করে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে সরাসরি শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হলে তা মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি।নাসীরুদ্দীন পাটওয়ারী আশঙ্কা প্রকাশ করে বলেন, নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে কেন্দ্রীভূত হলে স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব, অর্থের বিনিময়ে নিয়োগ এবং অনিয়মের সুযোগ বাড়তে পারে। অতীতের অভিজ্ঞতার কারণেই এনটিআরসিএভিত্তিক নিয়োগ ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।এনসিপির এই নেতা বলেন, এনটিআরসিএ শুধু একটি পরীক্ষা নয়; এটি হাজারো তরুণের মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষকতায় প্রবেশের একটি গুরুত্বপূর্ণ পথ। বছরের পর বছর শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নেওয়া তরুণদের জন্য এই সুযোগ অনেক ক্ষেত্রে চাকরিতে প্রবেশের গুরুত্বপূর্ণ মাধ্যম বলেও তিনি উল্লেখ করেন।সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এনটিআরসিএভিত্তিক মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়াকে দ্রুত, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।তবে এমন কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান, যাতে তরুণদের ন্যায্য চাকরির সুযোগ সংকুচিত হয় কিংবা মেধাভিত্তিক প্রতিযোগিতার পরিবর্তে ব্যক্তিগত সুপারিশ, প্রভাব ও অর্থের বিনিময়ে নিয়োগের সুযোগ তৈরি হয়।তরুণদের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নিজেদের অধিকার রক্ষায় তাদেরই সোচ্চার হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে তিনি মেধার ভিত্তিতে নিয়োগের দাবি তোলেন।পোস্টের শেষাংশে তিনি লেখেন, “NTRCA বাঁচান, মেধাভিত্তিক নিয়োগ বাঁচান, তরুণদের ভবিষ্যৎ বাঁচান।”স্কাই টাইমস/ এএ/ ১০ আগস্ট