ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ফাইনালে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের পক্ষেই সমর্থন জানিয়েছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি লেফট-ব্যাক মার্সেলো। তার বিশ্বাস, দলগত শক্তি এবং তরুণ তারকা লামিন ইয়ামালের উপস্থিতি স্পেনকে শিরোপার লড়াইয়ে এগিয়ে রাখবে।মার্সেলো জানিয়েছেন, ব্যক্তিগত ও পারিবারিক নানা কারণেও তিনি স্পেনের প্রতি সমর্থন জানাচ্ছেন। প্রায় দুই দশক ধরে তিনি স্পেনে বসবাস করছেন। তার সন্তানদের জন্ম ও বেড়ে ওঠাও দেশটিতে। তার বড় ছেলে, ১৬ বছর বয়সী এনজো আলভেস, স্পেনের অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের হয়ে খেলছেন এবং দলটির অধিনায়কত্বও করেছেন।রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক সিবিএস স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমি আর্জেন্টিনাকে সম্মান করি। তবে আমার মতে, স্পেন দল হিসেবে অনেক বেশি গোছানো ফুটবল খেলছে। তাই আমি স্পেনকেই সমর্থন করছি।”তিনি আরও বলেন, স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল ইতোমধ্যেই নিজেকে অসাধারণ প্রতিভা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। মার্সেলোর ভাষায়, “লামিন ইয়ামাল একজন তরুণ কিংবদন্তি। বয়স কম হলেও সে অত্যন্ত পরিণত ফুটবল খেলছে। শক্তিশালী একটি ক্লাব এবং জাতীয় দলের হয়ে যেভাবে খেলছে, তা সত্যিই প্রশংসনীয়। বিশ্বকাপের ফাইনালটি ফুটবলপ্রেমীদের জন্য দারুণ একটি ম্যাচ হবে।”উল্লেখ্য, আর্জেন্টিনা সর্বশেষ ২০২২ সালে বিশ্বকাপ জিতেছিল। অন্যদিকে স্পেন তাদের একমাত্র বিশ্বকাপ শিরোপা জিতেছে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায়।এবার আর্জেন্টিনা শিরোপা জিতলে তাদের বিশ্বকাপ সংখ্যা হবে চারটি, যা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের আরও কাছাকাছি নিয়ে যাবে। বিশ্লেষকদের মতে, এই বিষয়টিও অনেক ব্রাজিলিয়ান সমর্থকের মতো মার্সেলোর স্পেনকে সমর্থনের একটি কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।স্কাইটাইমস/টিএম/১৯ জুলাই