সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

রয়টার্সের বিশ্লেষণ: যেভাবে ইরান যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের কৌশল এখন সরাসরি সামরিক বিজয়ের পরিবর্তে অর্থনীতি, জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যপথকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর চাপ সৃষ্টি করা। আঞ্চলিক কর্মকর্তাদের ও বিশ্লেষকদের মতে, তেহরান মনে করছে দীর্ঘমেয়াদি চাপের মাধ্যমে ওয়াশিংটনকে আলোচনায় ছাড় দিতে বাধ্য করা সম্ভব।বিশ্লেষকদের মতে, ইরানের লক্ষ্য এমনভাবে উত্তেজনা বাড়ানো যাতে তা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ না নেয়, তবে সংঘাতের অর্থনৈতিক মূল্য এতটাই বেড়ে যায় যে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা হরমুজ প্রণালি নিয়ে ইরানের দাবির প্রতি আরও নমনীয় হতে বাধ্য হয়।ইরানের বার্তা হলো, হরমুজ প্রণালিতে তাদের বৃহত্তর ভূমিকা স্বীকার না করলে সংঘাত শুধু উপসাগরীয় অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না; বরং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ও জ্বালানি অবকাঠামোও ঝুঁকির মুখে পড়তে পারে। এভাবে ভবিষ্যতের যেকোনো আলোচনায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায় তেহরান।যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়াশিংটন ইনস্টিটিউটের বিশ্লেষক মাইকেল নাইটসের মতে, ইরান শুরু থেকেই ধাপে ধাপে উত্তেজনা বাড়ানোর কৌশল নিয়েছে। কখনও নতুন ভৌগোলিক এলাকা, কখনও নতুন ধরনের অস্ত্র বা লক্ষ্যবস্তু সামনে এনে তারা প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখছে। তার মতে, যুক্তরাষ্ট্রকে সরাসরি সামরিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেয়ে আঞ্চলিক দেশগুলো এবং বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলাই ইরানের বড় শক্তি।হরমুজের বাইরে বাড়ছে হুমকিবিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানোর সক্ষমতা প্রদর্শনের পর ইরান এখন লোহিত সাগর ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোকেও সম্ভাব্য চাপের ক্ষেত্র হিসেবে দেখছে। এর উদ্দেশ্য বৈশ্বিক বাণিজ্যপথ রক্ষার খরচ বাড়িয়ে তোলা এবং যুক্তরাষ্ট্র কতটা চাপ সহ্য করতে পারে তা যাচাই করা।আঞ্চলিক একটি সূত্রের দাবি, ইরানের রেভল্যুশনারি গার্ডের শীর্ষ পর্যায়ে ধারণা তৈরি হয়েছে যে আরও বেশি কৌশলগত সুবিধা অর্জনের সুযোগ রয়েছে। তাদের মূল্যায়নে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে দীর্ঘমেয়াদি মধ্যপ্রাচ্য সংঘাতে জড়াতে অনাগ্রহী, বিশেষ করে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে।আলোচনায় সুবিধা আদায়ের লক্ষ্যএকজন জ্যেষ্ঠ ইরানি সূত্রের ভাষ্য অনুযায়ী, তেহরানের নেতৃত্ব মনে করে অতীতে নমনীয় অবস্থান নেওয়ার পরও ওয়াশিংটনের চাপ কমেনি। তাই অর্থবহ আলোচনার আগে নিজেদের প্রভাব ও দর-কষাকষির ক্ষমতা বাড়ানো জরুরি বলে তারা মনে করছে।অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক ও ইরান বিশেষজ্ঞ অ্যালান আয়ারের মতে, ইরানের বর্তমান কৌশলের মূল উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্রকে সামরিক হামলা ও অবরোধ থেকে সরে আসতে বাধ্য করা। তাদের লক্ষ্য, ঘটনাপ্রবাহের নিয়ন্ত্রণ পুরোপুরি ওয়াশিংটনের হাতে না যেতে দেওয়া।হরমুজ নিয়ে মতবিরোধসংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা। আঞ্চলিক সূত্রগুলোর দাবি, ওমান উপসাগরীয় দেশগুলোর সমর্থনে একটি প্রস্তাব দিয়েছে, যেখানে স্বেচ্ছাভিত্তিক ব্যবহার ফি নেওয়ার বিষয়টি রয়েছে। তবে ইরান চায় প্রণালির প্রশাসনিক কর্তৃত্ব এবং চলাচলকারী জাহাজ থেকে সেবা বাবদ অর্থ আদায়ের অধিকার।যুক্তরাষ্ট্র এ ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, হরমুজ একটি আন্তর্জাতিক নৌপথ এবং এটি কোনো একক দেশের নিয়ন্ত্রণে থাকা উচিত নয়।দীর্ঘমেয়াদি চাপের কৌশলবিশ্লেষকদের মতে, ইরানের এই কৌশলের ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এখন সরাসরি সামরিক চাপ বাড়ানোর বদলে বাণিজ্যপথ ও জ্বালানি অবকাঠামো রক্ষায় বেশি মনোযোগ দিচ্ছে। সৌদি আরবের নেতৃত্বে গড়ে ওঠা সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগও মূলত বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দেওয়া, গোয়েন্দা তথ্য বিনিময় এবং সমুদ্রপথ সচল রাখার ওপর জোর দিচ্ছে।বিশেষজ্ঞদের ধারণা, সরাসরি সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সমকক্ষ না হলেও বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা সৃষ্টি করে ইরান দীর্ঘমেয়াদে রাজনৈতিক ও কূটনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে।তবে পর্যবেক্ষকদের সতর্কতা, উভয় পক্ষই যদি পাল্টাপাল্টি চাপ ও উত্তেজনা বাড়াতে থাকে, তাহলে পরিস্থিতি এমন এক সংঘাতে রূপ নিতে পারে, যা শেষ পর্যন্ত কোনো পক্ষেরই নিয়ন্ত্রণে নাও থাকতে পারে।স্কাই টাইমস/ এমএ/ ০৩ আগস্ট

রয়টার্সের বিশ্লেষণ: যেভাবে ইরান যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে