রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং বিশ্বকাপ ফাইনালের পর মাঠে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।অভিযোগ অনুযায়ী, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর উদযাপনের সময় আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার "Las Malvinas son Argentinas" (মালভিনাস আর্জেন্টিনার) লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। মালভিনাস বা ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বিরোধ থাকায় বিষয়টি রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হয়েছে।ফিফার শৃঙ্খলা বিধিমালায় আন্তর্জাতিক ম্যাচ বা টুর্নামেন্টে রাজনৈতিক কিংবা অ-ক্রীড়াসংক্রান্ত বার্তা প্রদর্শন নিষিদ্ধ। এ ঘটনার পর বিষয়টি নিয়ে দুই দেশেই রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দেয়।শুধু ব্যানার প্রদর্শন নয়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ এনেছে ফিফা। এর মধ্যে রয়েছে বৈষম্যমূলক স্লোগান ও আচরণ, নির্ধারিত সময়ের পরে ম্যাচ শুরু, ম্যাচ ও নিরাপত্তা প্রটোকল ভঙ্গ, দর্শকদের অনুপযুক্ত বার্তা প্রদর্শন এবং মাঠে বিভিন্ন বস্তু নিক্ষেপের ঘটনা।এ ছাড়া স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের পর মাঠে সৃষ্ট বিশৃঙ্খলাকে ঘিরেও পৃথক তদন্ত চলছে। ওই ঘটনায় আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণ ও হামলার অভিযোগ আনা হয়েছে।অভিযোগের তালিকায় রয়েছেন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস, ডিফেন্ডার নাহুয়েল মোলিনা, সহকারী কোচ রবার্তো আয়ালা এবং থিয়াগো আলমাদা। একই ঘটনার জেরে স্পেনের মিডফিল্ডার গাভির বিরুদ্ধেও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তদন্তাধীন রয়েছে।ফিফা জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হয়েছে। তাদের জবাব পর্যালোচনার পর শৃঙ্খলা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।উল্লেখ্য, মালভিনাস বা ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের বিরোধ বহু দশকের। ১৯৮২ সালে এ বিরোধকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যুদ্ধও হয়েছিল। এর আগেও একই ধরনের রাজনৈতিক বার্তা প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ফিফার শাস্তির মুখোমুখি হতে হয়েছিল।স্কাই টাইমস/ এমএ/ ৩০ জুলাই