মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামের প্রাদুর্ভাবে শত শত শিশুর মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলা করার আবেদন করা হয়েছে। হামে মারা যাওয়া এক শিশুর বাবা এ আবেদন করেন।রোববার (৫ জুলাই) সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি মামলার আবেদন দাখিল করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রাখেন।আবেদনে অন্য অভিযুক্ত হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নাম উল্লেখ করা হয়েছে। মামলার আবেদনে বাদী উল্লেখ করেন, তার নয় মাস বয়সী কন্যা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শয্যা সংকট, অক্সিজেনের স্বল্পতা, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং প্রয়োজনীয় চিকিৎসা যথাসময়ে না পাওয়ায় শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। এছাড়া সময়মতো হামের টিকা না পাওয়ায় সে টিকা গ্রহণ করতে পারেনি এবং পরবর্তীতে হামে আক্রান্ত হয়ে মারা যায়।আবেদনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা হামের টিকা সংগ্রহ, সরবরাহ এবং টিকাদান কার্যক্রম যথাযথভাবে পরিচালনায় ব্যর্থ হয়েছেন। তাদের অবহেলার কারণে দেশজুড়ে বহু শিশু হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে এবং অনেক শিশু এখনও চিকিৎসাধীন রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।বাদীর অভিযোগ, সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা, ক্ষমতার অপব্যবহার এবং আইনগত দায়িত্ব যথাযথভাবে পালন না করার ফলে জনস্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে আদালতের কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। স্কাই টাইমস/টিএম/৫ জুলাই

হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন