বিপৎসীমা ছাড়াল ছাতকে সুরমার পানি, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র
টানা ভারী বৃষ্টিতে সুনামগঞ্জে সুরমা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও ছাতক পয়েন্টে তা বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সোমবার সকাল ৯টা পর্যন্ত সুনামগঞ্জে ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে ছাতকে ১২৫ মিলিমিটার এবং তাহিরপুরে ১৫৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।দুপুর ১২টা পর্যন্ত সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি ১৪ সেন্টিমিটার বেড়ে ৭ দশমিক ৫৪ মিটারে পৌঁছেছে, যা বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচে। অন্যদিকে ছাতক পয়েন্টে নদীর পানি ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৮ দশমিক ৭০ মিটারে পৌঁছেছে, যা বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপরে রয়েছে।এদিকে সুনামগঞ্জ-হবিগঞ্জ সীমান্তবর্তী কুশিয়ারা নদীর দিরাই উপজেলার মার্কুলি পয়েন্টে পানি ৭ সেন্টিমিটার কমলেও এখনও বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেখানে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ১৮ মিটার।পাউবোর পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিন সুনামগঞ্জ ও ভারতের মেঘালয় অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. এমদাদুল হক বলেন, উজান ও স্থানীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং ছাতক পয়েন্টে ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। তবে কুশিয়ারা নদীর পানি কিছুটা কমেছে। আগামী কয়েক দিন ভারী বৃষ্টি হলে নদ-নদীর পানি আরও বাড়তে পারে এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।এদিকে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, জেলার ১ হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার কার্যক্রমে ৪৯২টি নৌযান, প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক এবং ১ হাজার ৫৬টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে এবং সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্কাইটাইমস/টিএম/১৩ জুলাই