মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

অস্ট্রিয়াকে হারিয়ে রাউন্ড অব সিক্সটিনে স্পেন

বিশ্বকাপের অন্যতম টাইটেল কনটেন্ডার স্পেন অস্ট্রিয়াকে ৩-০ গোলে পরাজিত করে দাপটের সঙ্গে রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে। লস অ্যাঞ্জেলেসে রাউন্ড অব থার্টি টু এর এই ম্যাচে নিজেদের ছন্দময় ফুটবল খেলে সহজ জয় তুলে নেয় লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। এদিকে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ, পাসিং, আক্রমণের ধার এবং সুযোগ সৃষ্টিতে স্পষ্ট আধিপত্য ছিল স্প্যানিশদের। নিজেদের স্বভাবসুলভ ছন্দময় ফুটবল খেলতে খেলতে একের পর এক আক্রমণে অস্ট্রিয়ার রক্ষণকে ব্যস্ত রাখে তারা। যদিও প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৩৬ মিনিট পর্যন্ত।এর আগে কর্নার থেকে আসা বলে মার্ক কুকুরেয়ার জোরালো শট জালে জড়িয়েছিল। কিন্তু কর্নারের সময় স্পেনের এক খেলোয়াড় অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগারের ওপর ফাউল করেছিলেন। এমন সিদ্ধান্তে গোলটি বাতিল করেন রেফারি।তবে সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ৩৬তম মিনিটে কুকুরেয়ার নিখুঁত পাস থেকে ঠান্ডা মাথায় ফিনিশিং করে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। প্রথমার্ধে আরও কয়েকবার ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল স্পেন। কিন্তু একদিকে শ্লাগারের অসাধারণ কয়েকটি সেভ, অন্যদিকে পোস্টে লেগে বল ফিরে আসায় বিরতিতে এক গোলের লিড নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্পেন। ম্যাচের ৬৬তম মিনিটে বাঁ প্রান্ত থেকে আলেক্স বায়েনার দারুণ এক ক্রসে নিখুঁত হেডে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার পেদ্রো পোরো। দ্বিতীয় গোলের পরও আক্রমণের ধার কমায়নি ইউরোপের পরাশক্তিরা। বরং ম্যাচের শেষ বাঁশি পর্যন্ত গোলের খোঁজে ছিল তারা।শেষ পর্যন্ত ৮৯তম মিনিটে আসে কাঙ্ক্ষিত তৃতীয় গোল। দুর্দান্ত এক দলীয় আক্রমণে আবারও অ্যাসিস্ট করেন মার্ক কুকুরেয়া। তার বাড়ানো বল বক্সের ভেতরে পেয়ে সহজেই জালে পাঠান ওইয়ারসাবাল। বিশ্বকাপের আসরে এটি স্প্যানিশ এই ফরোয়ার্ডের চতুর্থ গোল, যা তাকে টুর্নামেন্টের অন্যতম সফল গোলদাতাদের কাতারে স্থান করে দিয়েছে। পুরো ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে খেলা স্পেন এই জয় দিয়ে শুধু শেষ ষোলোর টিকিটই নিশ্চিত করেনি, বরং বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের অবস্থানও আরও দৃঢ় করেছে। দে লা ফুয়েন্তের দলের ছন্দ, আত্মবিশ্বাস ও আক্রমণাত্মক ফুটবল দেখে প্রতিপক্ষদের জন্য সতর্কবার্তাও পৌঁছে গেল স্পেন এবার কেবল অংশ নিতে নয়, শিরোপা জিততেই এসেছে। স্কাই টাইমস / টিএম / ৩ জুলাই 

অস্ট্রিয়াকে হারিয়ে রাউন্ড অব সিক্সটিনে স্পেন