শিক্ষামন্ত্রী ক্ষমা চাওয়ার সুবর্ণ সুযোগ হারিয়েছেন: সামান্তা শারমিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, এইচএসসির পদার্থবিজ্ঞান পরীক্ষা পেছানো না হওয়ার বিষয়ে সংসদে শিক্ষামন্ত্রীর দেওয়া বক্তব্য ছিল "সম্পূর্ণ ধোঁয়াশাপূর্ণ"। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ও জাতির কাছে ক্ষমা চাওয়ার একটি "সুবর্ণ সুযোগ" হারিয়েছেন।মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।সামান্তা শারমিন লিখেছেন, সংসদ অধিবেশনে পদার্থবিজ্ঞান পরীক্ষা পেছানো হয়নি কেন—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী স্পষ্ট ব্যাখ্যা না দিয়ে আমলাতান্ত্রিক বিভিন্ন কারণের কথা বলেছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতি করা পূর্বের কটু মন্তব্য ও দায়িত্বে গাফিলতির জন্য তিনি ক্ষমা চাননি বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা।তিনি বলেন, "অভ্যুত্থানের পরে আমরা অন্তত এমন একটি রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই, যেখানে মন্ত্রী-এমপিরা নিজেদের গাফিলতি স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চাইবেন।"পাশাপাশি প্রতিবেশী ভারতের একটি সাম্প্রতিক ঘটনার উদাহরণ টেনে সামান্তা শারমিন বলেন, সেখানে এক বিচারপতি শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন এবং তার পদত্যাগ বা অপসারণের দাবিতে নতুন একটি রাজনৈতিক দলও আত্মপ্রকাশ করে। সেই ঘটনা থেকেও বাংলাদেশের শিক্ষামন্ত্রী শিক্ষা নেননি বলে মন্তব্য করেন তিনি।পোস্টের শেষাংশে সামান্তা শারমিন বলেন, একটি ব্যাচের পরীক্ষা-সংক্রান্ত সিদ্ধান্ত কত বড় "ডমিনো এফেক্ট" তৈরি করতে পারে, তা যদি মন্ত্রণালয় উপলব্ধি করতে না পারে, তাহলে সংশ্লিষ্ট মন্ত্রীর দায়িত্ব পালনের যোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।তিনি চলমান আন্দোলনে থাকা এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষোভের প্রতিও পূর্ণ সমর্থন জানান।স্কাই টাইমস/ এমএ/ ১৪ জুলাই