সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

বিদেশে পলাতক গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে অপপ্রচার চালাচ্ছে: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একটি গোষ্ঠী বিদেশে অবস্থান করে আত্মসাৎ করা অর্থের মাধ্যমে জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তাদের লক্ষ্য পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনের বীরদের নেতিবাচকভাবে উপস্থাপন করা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা।রোববার (১৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘দ্বিতীয় জুলাই বিপ্লব আন্তর্জাতিক সম্মেলন (আইসিজেআর-২ ২০২৬)’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ঢাকসু, রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থটস (আরআইটি), কানাডার ইউনিভার্সিটি অব রেজিনা, সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এবং ইয়ুথ ফর বেটার ফিউচার সোসাইটির যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।সাদিক কায়েম বলেন, অপপ্রচারকারীরা মনে করছেন এ ধরনের প্রচারণার মাধ্যমে জনগণ অতীতের ঘটনাগুলো ভুলে যাবে। কিন্তু গত দেড় দশকে সংঘটিত হত্যা, গুম, মানবাধিকার লঙ্ঘন, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন এবং মানবতাবিরোধী অপরাধের স্মৃতি মানুষের মন থেকে মুছে ফেলা সম্ভব নয়।তিনি বলেন, দীর্ঘ সময় ধরে একটি কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ও নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার সীমিত করে রেখেছিল। গুম, বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনার বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ থেকেই জুলাই বিপ্লবের সূচনা হয়।ডাকসু ভিপির ভাষ্য, জুলাইয়ের আন্দোলন ছিল নিপীড়ন, স্বৈরতন্ত্র ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করে বলেন, যেমন স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার জন্য জাতি লড়াই করেছিল, তেমনি অধিকার হুমকির মুখে পড়লে বাংলাদেশ আবারও জেগে উঠেছে। তার মতে, জুলাই বিপ্লব দেশের দীর্ঘ জাতীয় সংগ্রামেরই ধারাবাহিক অংশ।তিনি আরও বলেন, এই আন্দোলনে শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক, কৃষক, রিকশাচালক, ব্যবসায়ী, শিল্পী, রাজনৈতিক কর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে অংশ নিয়েছিলেন। ফলে এটি কোনো একক ব্যক্তি, দল বা সংগঠনের আন্দোলন নয়; বরং পুরো জনগণের অংশগ্রহণে গড়ে ওঠা একটি গণআন্দোলন।সাদিক কায়েম বলেন, কোনো বিপ্লবের পর সব প্রত্যাশা তাৎক্ষণিকভাবে পূরণ হয় না। তাই মানুষের কিছু হতাশা থাকতেই পারে। তবে সেই হতাশা জুলাই বিপ্লবের তাৎপর্যকে কমিয়ে দেয় না। তার মতে, জুলাই ছিল শুধু ৩৬ দিনের আন্দোলন নয়; এটি ন্যায়বিচার, রাষ্ট্রীয় সংস্কার এবং জাতীয় পুনর্গঠনের দীর্ঘ পথচলার সূচনা।তিনি একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তার ভাষায়, ‘জুলাই সবার। এটি জনগণের সম্মিলিত সংগ্রামের প্রতীক। এখন বিভক্ত হওয়ার সময় নয়; বরং অর্জিত সাফল্য সংরক্ষণ করে একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণের সময়।’বক্তব্যের শেষাংশে সাদিক কায়েম বলেন, পতিত স্বৈরাচার এবং তাদের সহযোগীরা আবারও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তবে জনগণের আত্মত্যাগ, সাহস ও রক্তের বিনিময়ে অর্জিত সাফল্য কেউ ছিনিয়ে নিতে পারবে না। তিনি বলেন, জুলাইয়ের চেতনা ভবিষ্যতেও ঐক্য, গণতন্ত্র, ন্যায়বিচার এবং কর্তৃত্ববাদমুক্ত বাংলাদেশ গঠনের অনুপ্রেরণা হয়ে থাকবে।একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনের আত্মত্যাগকে বাস্তব কর্মপরিকল্পনার মাধ্যমে সম্মান জানিয়ে একটি মুক্ত, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান। স্কাইটাইমস/টিএম/১৯ জুলাই 

বিদেশে পলাতক গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে অপপ্রচার চালাচ্ছে: সাদিক কায়েম