সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

শিল্প বাঁচাতে সিএনজি স্টেশনে সরবরাহ সীমিত করার উদ্যোগ নিচ্ছে সরকারের

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলা করে শিল্পকারখানায় সরবরাহ বাড়াতে সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ নির্দিষ্ট সময়ের মধ্যে সীমিত করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে বকেয়া বিল পরিশোধ করে ডিজেল ও ফার্নেস অয়েলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোকে আবার পূর্ণ সক্ষমতায় চালানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।সরকারের এই দ্বিমুখী উদ্যোগ বাস্তবায়ন হলে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার কমিয়ে শিল্পকারখানায় দৈনিক প্রায় ৫০ কোটি ঘনফুট (৫০০ মিলিয়ন ঘনফুট) গ্যাস সরবরাহ করা সম্ভব হতে পারে। পাশাপাশি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে অতিরিক্ত প্রায় ২ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।জ্বালানি বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। গ্যাস সংকটের কারণে শিল্প উৎপাদনে বিঘ্ন ঘটায় প্রধানমন্ত্রী নিয়মিত পরিস্থিতি পর্যালোচনা করছেন এবং বিকল্প ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিচ্ছেন।সিএনজি স্টেশনে নির্দিষ্ট সময়ের সরবরাহশিল্প ও বাণিজ্যিক খাতে গ্যাসের সরবরাহ বাড়াতে সিএনজি স্টেশনগুলোতে গ্যাস দেওয়ার সময় নির্দিষ্ট করে দেওয়ার প্রস্তাব পর্যালোচনা করছে জ্বালানি বিভাগ।১ আগস্ট বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের আলোচনার নোটেও সিএনজি স্টেশন থেকে শিল্প ও বাণিজ্যিক খাতে গ্যাস সরবরাহের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণের বিষয়টি বিবেচনার কথা উল্লেখ করা হয়েছে।তবে কবে থেকে এই ব্যবস্থা কার্যকর হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ কমানো বা নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখার সম্ভাব্য প্রভাবও পর্যালোচনা করছে সরকার।ভোলা থেকে সিএনজি করে গ্যাস আনার উদ্যোগশিল্পে দ্রুত গ্যাস সরবরাহ বাড়াতে ভোলা গ্যাসক্ষেত্র থেকে সিএনজি ট্রাকে করে গ্যাস ঢাকায় পরিবহনের সুযোগ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে একটি পাইপলাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে ওই পাইপলাইন নির্মাণে প্রায় দুই বছর সময় লাগতে পারে।তবে পাইপলাইন নির্মাণ শেষ হতে সময় লাগায় এর আগেই বেসরকারি উদ্যোক্তারা চাইলে সিএনজি আকারে ভোলার গ্যাস ট্রাকে করে শিল্পাঞ্চলে পরিবহন করতে পারবেন।এখন পর্যন্ত এ বিষয়ে বেসরকারি খাত থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়া যায়নি। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, আগের সরকার ও অন্তর্বর্তী সরকারের সময়ও ভোলার গ্যাস পরিবহনের বিষয়টি আলোচনায় এসেছিল। তবে তখন ব্যবসায়ীরা এটিকে অর্থনৈতিকভাবে লাভজনক মনে করেননি।বকেয়া পরিশোধ করে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনগ্যাস সাশ্রয়ের আরেকটি উদ্যোগ হিসেবে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বাড়ানোর পাশাপাশি ফার্নেস অয়েলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর কাছে সরকারের প্রায় ১৪ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে প্রায় ৮ হাজার কোটি টাকা পরিশোধের মাধ্যমে বন্ধ থাকা ফার্নেস অয়েলচালিত কেন্দ্রগুলো চালু করার পরিকল্পনা করা হয়েছে।বাংলাদেশের ফার্নেস অয়েলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর সম্মিলিত দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় ৬ হাজার মেগাওয়াট। কিন্তু বর্তমানে এসব কেন্দ্র থেকে উৎপাদন হচ্ছে প্রায় ২ হাজার মেগাওয়াট।বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডেভিড হাসনাত বলেন, সরকারের কাছে বকেয়া বিল না পাওয়ায় অধিকাংশ কেন্দ্র গত ছয় থেকে সাত মাস ধরে বন্ধ রয়েছে।তার ভাষ্য, বকেয়া পরিশোধ করা হলে কেন্দ্রগুলো ব্যাংকের ঋণ পরিশোধ, ফার্নেস অয়েল আমদানি এবং পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পারবে।শিল্পে বাড়তে পারে গ্যাস সরবরাহডেভিড হাসনাত বলেন, সরকার কী পরিমাণ বকেয়া পরিশোধ করবে তার ওপর নির্ভর করে বিদ্যুৎকেন্দ্রগুলো অতিরিক্ত উৎপাদনে যেতে পারবে। অতিরিক্ত ২ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হলে দৈনিক প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সাশ্রয় হতে পারে। সেই গ্যাস শিল্পকারখানায় সরবরাহ করা গেলে বর্তমান সংকট অনেকটাই কমানো সম্ভব হবে।বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানও শিল্পে গ্যাস সরবরাহ বাড়াতে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তাঁর মতে, তেলচালিত কেন্দ্র থেকে ৩ হাজার মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করা গেলে প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস শিল্পে সরবরাহের সুযোগ তৈরি হতে পারে।সংকটের চিত্রসাম্প্রতিক সময়ে দেশে গ্যাস সরবরাহ নেমে প্রায় ২ হাজার ১০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছিল। মঙ্গলবার তা কিছুটা বেড়ে ২ হাজার ৪০০ মিলিয়ন ঘনফুটে পৌঁছায়।বর্তমানে বিদ্যুৎকেন্দ্রগুলো দৈনিক প্রায় ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস ব্যবহার করছে। ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রগুলোর ব্যবহার প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট। বাকি গ্যাস শিল্প, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক গ্রাহকদের মধ্যে বিতরণ করা হচ্ছে।সরকারের নতুন উদ্যোগের মূল লক্ষ্য হলো বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ওপর চাপ কমিয়ে শিল্পকারখানায় সরবরাহ বাড়ানো। তবে সিএনজি স্টেশনে রেশনিং এবং তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালুর সিদ্ধান্ত বাস্তবায়নে সময়, অর্থ ও সরবরাহ ব্যবস্থাপনার বিষয়গুলো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।-সূত্র: টিবিএসস্কাই টাইমস/ এমএ/ ২৬ আগস্ট

শিল্প বাঁচাতে সিএনজি স্টেশনে সরবরাহ সীমিত করার উদ্যোগ নিচ্ছে সরকারের