মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

এইচএসসি পরীক্ষা থেকে বঞ্চিত ৮ শিক্ষার্থী: তদন্ত ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের আটজন এইচএসসি পরীক্ষার্থী ফরম পূরণের জন্য নির্ধারিত অর্থ জমা দেওয়ার পরও পরীক্ষায় অংশ নিতে পারেননি। অভিযোগ রয়েছে, কলেজের এক অফিস সহকারী শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিলেও তাদের ফরম যথাযথভাবে শিক্ষা বোর্ডে জমা দেননি। ফলে প্রবেশপত্র না পাওয়ায় চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বসার সুযোগ হারান তারা।ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে আলোচনার সৃষ্টি হলে শুক্রবার (৩ জুলাই) শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে টেলিকনফারেন্সে কথা বলেন। তিনি দ্রুত তদন্ত সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের একজন ইসরাত জাহান সূচি জানান, অনলাইনে ফরম পূরণে জটিলতা দেখা দিলে কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকার তার ফরম পূরণের দায়িত্ব নেন এবং এ জন্য ৩ হাজার ৫০০ টাকা গ্রহণ করেন। পরে বারবার প্রবেশপত্র দেওয়ার আশ্বাস দেওয়া হলেও পরীক্ষার আগে থেকেই ওই কর্মকর্তা অনুপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত জানা যায়, তার ফরমই জমা দেওয়া হয়নি। একই অভিযোগ আরও সাতজন শিক্ষার্থীর ক্ষেত্রেও উঠে এসেছে।কলেজের অধ্যক্ষ মামুদুর রহমান বলেন, এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৩৭১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। শুরুতে তিনি মনে করেছিলেন সংশ্লিষ্ট শিক্ষার্থী ফরম পূরণ করেননি। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার পর রাজশাহী শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হলেও বোর্ডের বিধিমালার কারণে চলতি পরীক্ষায় তাদের অংশগ্রহণের সুযোগ ছিল না। লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।টেলিকনফারেন্সে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নাটোরের পুলিশ সুপার, কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষামন্ত্রী শিক্ষা বোর্ডকে নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।একই সঙ্গে পুলিশ প্রশাসনকে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টিকে সাধারণ প্রতারণার ঘটনা হিসেবে না দেখে শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে সংশ্লিষ্ট গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারেরও নির্দেশ দেন তিনি।এ ছাড়া ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়া থেকে কীভাবে রক্ষা করা যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে আরও নির্দেশ দেন, বোর্ডের ভেতরে যদি কোনো কর্মকর্তা বা জালিয়াত চক্রের সম্পৃক্ততা পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধেও নিরপেক্ষ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। স্কাই টাইমস / টিএম/ ৩ জুলাই 

এইচএসসি পরীক্ষা থেকে বঞ্চিত ৮ শিক্ষার্থী: তদন্ত ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর