সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে প্রণীত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।সোমবার (২০ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে শরিক দলগুলোর বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, জুলাই জাতীয় সনদে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে এবং তারা স্বাক্ষর করেছে, সেসব সিদ্ধান্তও সরকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।স্থানীয় সরকার নির্বাচনেও যুগপৎ জোটের সমন্বয় থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বর্তমান আইনে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সুযোগ নেই। তাই বিষয়টি নিয়ে এখনই আলোচনা প্রয়োজন নেই। তবে সব গুরুত্বপূর্ণ বিষয়ে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।বৈঠকে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট, ইসলামী ঐক্যজোটসহ ৪১টি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়। তিনি আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগের কারণেই এই নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে।তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর ধরে বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিকরা একসঙ্গে আন্দোলন করেছেন। এ সময় অনেক নেতাকর্মী কারাবরণ করেছেন, মামলা, গুম ও হত্যার শিকার হয়েছেন। প্রধানমন্ত্রী সেই আন্দোলনের সহযাত্রীদের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য নৈশভোজে অংশ নিতে আমন্ত্রণ জানান।বিএনপি মহাসচিবের ভাষ্য, বৈঠকটি ছিল আন্তরিক ও আবেগঘন। প্রধানমন্ত্রী প্রত্যেক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে পৃথকভাবে কথা বলেছেন। উপস্থিত নেতারা সরকারের প্রথম পাঁচ মাসের কার্যক্রম এবং নেতৃত্বের প্রশংসা করেছেন।মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার পর নানা জরুরি কাজ ও অগ্রাধিকারের কারণে সব রাজনৈতিক দলের সঙ্গে আগে বৈঠক করা সম্ভব হয়নি। তবে এ সময়ে সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, প্রশাসন পুনর্গঠন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনরায় কার্যকর করার কাজকে অগ্রাধিকার দিয়েছে।তিনি বলেন, বিগত সরকারের সময় অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা ও বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে রাষ্ট্রকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে বলেও বৈঠকে উল্লেখ করা হয়।মির্জা ফখরুল আরও জানান, প্রধানমন্ত্রী ভবিষ্যতে নিয়মিতভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন এবং রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী দলগুলোর সঙ্গে হওয়া ঐকমত্যও যথাযথভাবে অনুসরণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন।তিনি বলেন, সরকার গঠনের পাঁচ মাস পর যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠক ভবিষ্যতের রাজনৈতিক সমন্বয় ও কর্মসূচি নির্ধারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।  স্কাইটাইমস/টিএম/২০ জুলাই 

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল