দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স অর্জন, রেকর্ড ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার
ঢাকা: দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স অর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৫-২৬ অর্থবছর। গেল অর্থবছরের ১২ মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে এসেছে ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের যেকোনো অর্থবছরের তুলনায় সর্বোচ্চ।বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এর আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫২৩ কোটি ৩০ লাখ ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ।কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, হুন্ডির বিরুদ্ধে কঠোর নজরদারি, বৈধ উপায়ে অর্থ পাঠানোর ক্ষেত্রে সরকারের প্রণোদনা, সহজলভ্য ব্যাংকিং সেবা এবং ডিজিটাল মাধ্যমে দ্রুত অর্থ পাঠানোর সুবিধা বৃদ্ধি পাওয়ায় প্রবাসীদের মধ্যে বৈধ চ্যানেল ব্যবহারের প্রবণতা বেড়েছে। এর ফলে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।তবে অর্থবছরের শেষ মাস জুনে রেমিট্যান্স কিছুটা কমেছে। বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক হিসাবে জুন মাসে দেশে এসেছে ২৮০ কোটি ৬ লাখ মার্কিন ডলার, যা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন। একই সঙ্গে আগের বছরের একই মাসের তুলনায়ও এ প্রবাহ কিছুটা কম ছিল। তবে ব্যাংক হলিডের কারণে ১১টি ব্যাংকের তথ্য প্রাথমিক হিসাবে যুক্ত না হওয়ায় চূড়ান্ত হিসাবে এ অঙ্ক আরও বাড়তে পারে।সংশ্লিষ্টদের ব্যাখ্যা অনুযায়ী, মার্চ, এপ্রিল ও মে মাসে ঈদ উপলক্ষে প্রবাসীরা পরিবার-পরিজনের জন্য অতিরিক্ত অর্থ পাঠিয়ে থাকেন। ঈদের পর সেই অতিরিক্ত চাহিদা কমে যাওয়ায় জুনে রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিকভাবেই কিছুটা নিম্নমুখী হয়েছে।মাসভিত্তিক হিসাবে জুলাইয়ে রেমিট্যান্স আসে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ, নভেম্বরে ২৮৮ কোটি ৯৭ লাখ, ডিসেম্বরে ৩২২ কোটি ৩৬ লাখ, জানুয়ারিতে ৩১৭ কোটি ১৬ লাখ, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি, মার্চে ৩৭৫ কোটি ২২ লাখ, এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ, মে মাসে ৩৪২ কোটি ৫০ লাখ এবং জুনে ২৮০ কোটি ৬ লাখ মার্কিন ডলার এসেছে।অন্যদিকে রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধির ধারাবাহিকতায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী অবস্থানে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলারে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী নিট ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ৩২ দশমিক ৯০ বিলিয়ন ডলার। স্কাই টাইমস/টিএম/ ১ জুলাই