সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ককরোচ আন্দোলন ঘিরে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

ভারতের চলমান ককরোচ শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে দেশটির রাজনীতিতে উত্তেজনা আরও বেড়েছে। আন্দোলন দমন, বিরোধী নেতাদের আটক এবং সংসদে এ ইস্যুতে তীব্র বাকবিতণ্ডার মধ্যেই কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন।মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ চলাকালে রাহুল গান্ধী অভিযোগ করেন, শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সরকারের আচরণ গণতান্ত্রিক নয়। তিনি দাবি করেন, পরীক্ষা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের সংকট ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনাগুলোর যথাযথ সমাধান না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেওয়ার সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের বেশ কয়েকজন নেতাকে দিল্লি পুলিশ আটক করে। পরে রাতে তাদের ছেড়ে দেওয়া হয়।আটকের পর প্রকাশিত এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী পাঁচটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—* স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।* আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশি অভিযানের তদন্ত, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার।* শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের ঘটনায় প্রধানমন্ত্রীর প্রকাশ্য ক্ষমা প্রার্থনা।* বিষয়টি নিয়ে সংসদে পূর্ণাঙ্গ আলোচনা।* শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষা ব্যবস্থায় দ্রুত সংস্কার।রাহুল গান্ধী বলেন, দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের বহু প্রশ্ন রয়েছে। কেন বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, কেন উচ্চশিক্ষার ব্যয় বাড়ছে এবং কেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ছে—এসব বিষয়ে সরকারের জবাব দেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।তিনি আরও বলেন, সংসদের উভয় কক্ষেই এ বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে আন্দোলনকারীদের ধন্যবাদ জানান।অন্যদিকে কেন্দ্রীয় সরকার কংগ্রেসের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, সরকার সংসদে এ বিষয়ে আলোচনায় প্রস্তুত থাকলেও বিরোধী দল রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টিকে ব্যবহার করছে।একই সুরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও কংগ্রেসের সমালোচনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের সমস্যা সমাধানের পরিবর্তে বিরোধী দল রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তবে সরকার শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনায় আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন।জেন-জি আন্দোলন এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ভারতের সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ে সংসদের আসন্ন অধিবেশনেও তুমুল বিতর্ক হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।স্কাই টাইমস/ এমএ/ ২২ জুলাই

ককরোচ আন্দোলন ঘিরে রাহুল গান্ধীর ৫ দফা দাবি