রাষ্ট্রপতি কে হবেন? সিদ্ধান্ত নিবেন তারেক রহমান
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী মনোনয়ন এবং নির্বাচনের সময় নির্ধারণের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে পূর্ণ ক্ষমতা দিয়েছে দলটির জাতীয় স্থায়ী কমিটি।শনিবার (১ আগস্ট) রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী নির্বাচন এবং নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণের দায়িত্ব দলের চেয়ারম্যানের ওপর ন্যস্ত করা হয়েছে।তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক অবস্থা, সরকারের উন্নয়ন কার্যক্রম এবং প্রস্তাবিত স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা হয়।বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার পর বিশেষ সংসদ অধিবেশনের প্রয়োজন হলে এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করা হবে।বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ এবং এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিভিন্ন নাম রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে কারও নাম ঘোষণা করা হয়নি। সম্ভাব্য প্রার্থীদের ক্ষেত্রে রাজনৈতিক অভিজ্ঞতা, সাংবিধানিক গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা এবং দল ও সরকারের ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নেওয়া হচ্ছে।আলোচনায় থাকা নামগুলোর মধ্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবদুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক এবং নজরুল ইসলাম খানের নাম বিভিন্ন মহলে শোনা যাচ্ছে। তবে বিএনপি এখনো কাউকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করেনি।উল্লেখ্য, গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থীর নাম ঘোষণা করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।স্কাই টাইমস/ এমএ/ ২ আগস্ট