মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

প্রেমের সম্পর্কের জেরে মেয়েকে হত্যা করলেন বাবা

সিলেটের বিয়ানীবাজারে নবম শ্রেণির শিক্ষার্থী রায়কা আক্তার রিয়া (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মামলার প্রধান আসামি ও নিহতের বাবা আবু বক্কর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন, মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে ক্ষোভ থেকেই তিনি পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।রোববার (১২ জুলাই) সিলেটের একটি আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে আবু বক্কর হত্যার দায় স্বীকার করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শনিবার রাতে বিয়ানীবাজার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।পুলিশ ও আদালত সূত্র জানায়, নিহত রিয়া স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। প্রায় এক বছর ধরে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার শাহিন নামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে দুজন বাড়ি থেকে চলে গেলেও পরে পরিবার রিয়াকে ফিরিয়ে আনে। মেয়ের বয়স কম এবং ছেলেটিকে উপযুক্ত মনে না করায় পরিবার তাদের বিয়ে দিতে রাজি হয়নি।পরবর্তীতে মেয়েকে ওই সম্পর্ক থেকে দূরে রাখতে কয়েক মাস আগে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে নানাবাড়িতে পাঠানো হয়। তবে সেখানেও স্থানীয় এক যুবকের সহায়তায় রিয়া আবারও তার পূর্বের প্রেমিকের সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং পুনরায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন বলে তদন্তে জানা গেছে।পুলিশের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার বিষয়টি জানতে পেরে আবু বক্কর মেয়েকে নিজ বাড়িতে নিয়ে আসেন। পরদিন সকালে রিয়ার নানাবাড়ির স্বজনরা তাকে আবার ইনাম গ্রামে নিয়ে যান। একই দিন জুমার নামাজের সময় আবু বক্কর সেখানে গিয়ে পুকুরঘাটে ধারালো অস্ত্র দিয়ে মেয়ের ওপর হামলা করেন। গুরুতর আহত অবস্থায় রিয়াকে ফেলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।ঘটনার পর নিহতের মা বাদী হয়ে স্বামী আবু বক্করকে প্রধান আসামি করে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুজাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, প্রধান আসামিকে গ্রেপ্তারের পর তিনি আদালতে হত্যার দায় স্বীকার করেছেন। স্কাই টাইমস/ এমএ/ ১৩ জুলাই

প্রেমের সম্পর্কের জেরে মেয়েকে হত্যা করলেন বাবা