স্থানীয় নির্বাচন ঘিরে জামায়াতের প্রস্তুতি, ৮ সিটিতে সম্ভাব্য প্রার্থী
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু করেছে জামায়াতে ইসলামী। দলীয়ভাবে নির্বাচন না হলেও অন্তত আটটি সিটি করপোরেশনে সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম প্রাথমিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণে সাদিক কয়েমের নাম আলোচনায় রয়েছে। এছাড়া চট্টগ্রাম, গাজীপুর, বরিশাল, রংপুর, খুলনা ও নারায়ণগঞ্জ সিটিতেও সম্ভাব্য প্রার্থীদের নাম প্রস্তুত করেছে দলটি।সূত্র জানায়, এসব সম্ভাব্য প্রার্থী ইতোমধ্যে নিজ নিজ এলাকায় সামাজিক, জনকল্যাণমূলক ও গণসংযোগ কার্যক্রমে সক্রিয় রয়েছেন। স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারা।তবে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের সম্ভাব্য প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। এসব সিটিতে প্রার্থী নিয়ে আলোচনা চলছে।একই সঙ্গে দেশের পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে প্রস্তুতি জোরদার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় নির্বাচনের পর স্থানীয় পর্যায়ের ভোটকে নিজেদের সাংগঠনিক সক্ষমতা যাচাই এবং তৃণমূলে রাজনৈতিক ভিত্তি আরও শক্ত করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে দলটি।স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গেও ইতোমধ্যে আলোচনা করেছে জামায়াত। গত ২৯ জুলাই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে দলটির প্রতিনিধি দল স্থানীয় সরকার নির্বাচনের আইন ও বিধিবিধান নিয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরে। বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্যতা সংক্রান্ত প্রস্তাব পুনর্বিবেচনার দাবি জানায় দলটি।এর পাশাপাশি বিভিন্ন সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদে সম্ভাব্য প্রার্থী বাছাই এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে কাজ করছে জামায়াত। গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে, কয়েকটি সিটি করপোরেশনে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী বাছাইয়ের কাজ এগিয়েছে এবং ইউনিয়ন পরিষদ পর্যায়েও প্রার্থী নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে দলটি।জামায়াতের কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক হলো স্থানীয় নির্বাচনে নিজস্ব সাংগঠনিক শক্তিকে কাজে লাগানো। জাতীয় নির্বাচনে জোট বা সমঝোতার রাজনীতি থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে দলটি অনেক এলাকায় নিজেদের প্রার্থী দেওয়ার দিকে জোর দিতে পারে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে স্থানীয় পর্যায়ের সমীকরণও নির্বাচনের মাঠে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও তুলনামূলক পরিচ্ছন্ন ভাবমূর্তি, স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা এবং তরুণ নেতৃত্বকে গুরুত্ব দেওয়ার আলোচনা রয়েছে। বিশেষ করে নগরভিত্তিক নির্বাচনে তরুণ প্রার্থীদের সামনে আনার মাধ্যমে নতুন ভোটারদের মধ্যে প্রভাব বাড়ানোর কৌশল নিতে পারে দলটি।স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে জামায়াতের ঘোষিত রাজনৈতিক অবস্থানেও বিকেন্দ্রীকরণ ও স্থানীয় প্রতিষ্ঠানকে কার্যকর করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। দলটির ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদকে কার্যকর করা, প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক সংস্কার এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধির কথা বলা হয়েছে।তবে স্থানীয় সরকার নির্বাচন জামায়াতের জন্য শুধু প্রার্থী দেওয়ার প্রতিযোগিতা নয়; এটি তৃণমূলের সাংগঠনিক শক্তি, ভোটারদের সঙ্গে সম্পর্ক এবং নির্বাচনী ব্যবস্থাপনার সক্ষমতা প্রদর্শনেরও পরীক্ষা। জাতীয় রাজনীতির বাইরে স্থানীয় ইস্যু-রাস্তা, পানি, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নাগরিক নিরাপত্তা ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান-ভোটারদের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখতে পারে।ফলে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের সাফল্য অনেকটাই নির্ভর করবে দলটি কতটা কার্যকরভাবে জাতীয় রাজনীতির বাইরে স্থানীয় সমস্যা ও জনগণের প্রত্যাশাকে সামনে আনতে পারে তার ওপর। প্রার্থী বাছাই, জোট-সমঝোতা, তরুণ নেতৃত্ব এবং তৃণমূলের সংগঠন-এই চারটি বিষয় আগামী নির্বাচনে দলটির কৌশলের মূল পরীক্ষাক্ষেত্র হয়ে উঠতে পারে।স্কাই টাইমস/আহসান তানিল/ ৩ জুলাই