ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সামনেই সমন্বয়ক মাহিন সরকারকে মারধরের অভিযোগ
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত একটি তথ্যচিত্রকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার নিজেকে মারধরের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন।বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহিন সরকার দাবি করেন, তথ্যচিত্রে জুলাই আন্দোলনের ইতিহাস বিকৃত করা হয়েছে বলে তিনি প্রতিবাদ জানালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির উপস্থিতিতেই তার ওপর হামলা চালানো হয়।ফেসবুক পোস্টে তিনি লেখেন, অনুষ্ঠানস্থলে প্রদর্শিত তথ্যচিত্রে জুলাই আন্দোলনের ‘এক দফা’ ঘোষণার কৃতিত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া হয়েছে। অথচ তার ভাষ্য অনুযায়ী, আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের নাম সেখানে স্থান পায়নি। এ ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, জুলাই-পরবর্তী সময়ে বেঁচে থাকাটাই যেন তাদের অপরাধ হয়ে দাঁড়িয়েছে।এর আগে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে প্রদর্শিত তথ্যচিত্র ঘিরে উপস্থিত দর্শক, আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তি এবং কয়েকজন শহীদ পরিবারের সদস্যের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তারা তথ্যচিত্রে আন্দোলনের বিভিন্ন ঘটনার উপস্থাপনা নিয়ে আপত্তি তোলেন।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনুষ্ঠানে উপস্থিত দায়িত্বশীলরা বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং তথ্যচিত্রে যেসব অসঙ্গতির অভিযোগ উঠেছে, সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের আশ্বাস দেন।তবে মাহিন সরকারের মারধরের অভিযোগের বিষয়ে অনুষ্ঠান আয়োজকদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্কাই টাইমস/ এমএ/ ০৫ আগস্ট