মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

পশ্চিমবঙ্গ-ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিত চেয়ে আইনি নোটিশ

ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই দুই রাজ্যে ভ্রমণ এবং সংশ্লিষ্ট ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের দাবি জানিয়ে সরকারের কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান।নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে প্রেরণ করা হয়েছে।আইনি নোটিশে বলা হয়, প্রতিবছর চিকিৎসা, শিক্ষা, ব্যবসা, পর্যটনসহ বিভিন্ন বৈধ প্রয়োজনে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক ভারতে ভ্রমণ করেন। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতের কিছু বাংলা ভাষাভাষী উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশিদের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। এসব হুমকির কারণে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় ভ্রমণকারী বাংলাদেশিদের হয়রানি, নির্যাতন বা সহিংসতার শিকার হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা তাদের জীবন ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে নোটিশে উল্লেখ করা হয়।নোটিশে আরও বলা হয়েছে, অতীতেও ভারতের কিছু উগ্রবাদী গোষ্ঠীর বিরুদ্ধে সেখানে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশনে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে বিদেশে অবস্থানরত বা ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।এতে বাংলাদেশের সংবিধানের ৩২ অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়েছে, নাগরিকের জীবন ও ব্যক্তিস্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। প্রকাশ্য নিরাপত্তা ঝুঁকির মুখে নাগরিকদের ভ্রমণ অব্যাহত রাখা রাষ্ট্রের দায়িত্ব পালনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।নোটিশে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সঙ্গে সংযুক্ত সব স্থলবন্দরে বাংলাদেশি নাগরিকদের ইমিগ্রেশন কার্যক্রম অবিলম্বে সাময়িকভাবে স্থগিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সন্তোষজনক কূটনৈতিক নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত ওই দুই রাজ্যগামী যাত্রীদের বিমানবন্দরভিত্তিক ইমিগ্রেশন কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখার দাবি জানানো হয়েছে।এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে আগামী সাত দিনের মধ্যে নোটিশদাতাকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে।নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে নাগরিকদের জীবন ও নিরাপত্তার স্বার্থে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট আবেদন করা হবে। স্কাইটাইমস/টিএম/১৩ জুলাই

পশ্চিমবঙ্গ-ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিত চেয়ে আইনি নোটিশ