সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

প্রধানমন্ত্রীর ভারত সফরের উপযুক্ত পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের জন্য এখনো উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে সফরের অনুকূল পরিবেশ তৈরিতে ভারতকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা।রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এক বিবৃতিতে এ অবস্থানের কথা জানান।তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় ভারত সফরের সম্ভাবনা নিয়ে কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছে। তবে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে সফরের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষ্য, গত ৫ আগস্ট নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার ঘটনায় বাংলাদেশ উদ্বেগ জানিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার ওই বক্তব্য সফরের সম্ভাব্য প্রক্রিয়াকে প্রভাবিত করেছে বলেও উল্লেখ করেন তিনি।শহীদুল করিম বলেন, বাংলাদেশ এ বিষয়ে ভারতের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। পাশাপাশি শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক আসামিকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ দ্রুত কার্যকর করার আহ্বান জানানো হয়েছে।এ ছাড়া শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামিদের বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধও জানানো হয়েছে বলে জানান তিনি।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এসব বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।তিনি আরও জানান, প্রতিবেশী দেশসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে। এ নীতির ভিত্তি হিসেবে সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্যের ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে নতুন করে কূটনৈতিক তৎপরতার বিষয়টি সামনে এসেছে। ঢাকা বলছে, সফরটি এগিয়ে নিতে হলে আগে একটি অনুকূল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করা প্রয়োজন।স্কাই টাইমস/ এএ/ ১৬ আগস্ট

প্রধানমন্ত্রীর ভারত সফরের উপযুক্ত পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়