বিজিবির অভিযানে কুমিল্লায় ৩৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে প্রায় ৩৩ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর আমানগন্ডা বিওপির টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা শাড়িগুলো ফেলে পালিয়ে যায়।শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ১০ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে আমানগন্ডা বিওপির টহল দল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভারতীয় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌদ্দগ্রামের সোনাপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।জব্দ করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৯০ হাজার টাকা। আইনানুগ প্রক্রিয়া শেষে এসব শাড়ি কুমিল্লা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ভারতীয় মাদক ও অন্যান্য অবৈধ পণ্য বাংলাদেশে প্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।স্কাই টাইমস/ এমএ/ ১৭ জুলাই