সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ব্রিকস সম্মেলনের আমন্ত্রণপত্রে তারেক রহমানকে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়নি!

আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হলেও, সেই আমন্ত্রণের ধরন নিয়ে কূটনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।কূটনৈতিক সূত্রের বরাতে প্রকাশিত ডেইলি ওয়াদার এক প্রতিবেদনে বলা হয়েছে, আমন্ত্রণটি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং বর্তমানে বিমসটেক (BIMSTEC)-এর চেয়ারম্যানের দায়িত্বে থাকা ব্যক্তির উদ্দেশে পাঠানো হয়েছে। কারণ বাংলাদেশ বর্তমানে বিমসটেকের চেয়ারম্যান। আমন্ত্রণপত্রে তারেক রহমানকে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়নি। এ কারণে সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ করবেন কিন? এই বিষয়টি নিয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রের মতে, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে অংশ নিলে তিনি সদস্যভুক্ত দেশগুলোর স্বার্থ প্রতিনিধিত্ব করবেন, বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিনিধিত্বের বিষয়টি ভিন্নভাবে বিবেচিত হতে পারে।প্রতিবেদনে অতীতের একটি দৃষ্টান্তও তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, ২০২৩ সালে ভারতের জি-২০ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই তুলনায় বর্তমান আমন্ত্রণের ভাষা নিয়ে প্রশ্ন উঠেছে। যেখানে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।এ বিষয়ে কয়েকজন পররাষ্ট্রনীতি বিশ্লেষকের মতামতও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। তাদের কেউ কেউ মনে করেন, আমন্ত্রণের কূটনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের সিদ্ধান্ত সতর্কতার সঙ্গে নেওয়া উচিত। কারণ, ব্রিকস বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও ভূরাজনৈতিক প্ল্যাটফর্ম। যদিও বাংলাদেশ এর সদস্য নয়, তবু অংশীদার দেশ ও আঞ্চলিক সংগঠনের সঙ্গে ব্রিকসের যোগাযোগ বাড়ছে। এমন একটি সম্মেলনে উপস্থিতি বাংলাদেশের জন্য বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন এবং বহুপাক্ষিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করতে পারে। ফলে কেবল আমন্ত্রণের ভাষার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদি কূটনৈতিক লাভ-ক্ষতি বিবেচনা করা প্রয়োজন।এদিকে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা ঘোষণা দেয়নি।প্রসঙ্গত, ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের বিভিন্ন অমীমাংসিত বিষয় তৈরী হয়েছে—যেমন বাণিজ্য, ট্রান্সশিপমেন্ট, চিকিৎসা ভিসা এবং দ্বিপক্ষীয় আস্থার সংকট। এছাড়াও বিভিন্ন সময় সীমান্ত, বাণিজ্য, ভিসা এবং রাজনৈতিক ইস্যুতে মতপার্থক্যও দেখা দিয়েছে। স্কাই টাইমস/ এমএ/ ৩১ জুলাই

ব্রিকস সম্মেলনের আমন্ত্রণপত্রে তারেক রহমানকে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়নি!