সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সরকার : প্রধানমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিগগিরই জাতীয় সংসদে ১০ বছরের একটি পরিকল্পনা উপস্থাপন করা হবে। এই পরিকল্পনার মাধ্যমে বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, শিল্পকারখানা এবং পরিবহন খাতে নির্ভরযোগ্য বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।জ্বালানি খাত নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়েও সতর্ক করেন প্রধানমন্ত্রী। তার ভাষ্য, কারও কাছে বিকল্প কোনো পরিকল্পনা থাকলে সেটি জনগণের সামনে উপস্থাপন করা উচিত। কিন্তু ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশে অস্থিরতা তৈরি করা উচিত নয়।দেশে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো, নতুন শিল্পকারখানা গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টি করতে শান্তি ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, দেশে অস্থিতিশীলতা তৈরি এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর যেকোনো প্রচেষ্টার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায়—এমন ব্যক্তিদের ব্যাপারে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।তারেক রহমান বলেন, দেশে আইনশৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ না থাকলে উদ্যোক্তারা নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী হবেন না। কোনো এলাকায় বিশৃঙ্খলা দেখা দিলে যেমন ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন, তেমনি কারখানা ঠিকমতো চলবে কি না, পণ্য বন্দরে পৌঁছাবে কি না কিংবা কাঁচামাল সময়মতো আসবে কি না—এ ধরনের অনিশ্চয়তা থাকলে বিনিয়োগকারীরাও পিছিয়ে যাবেন।তিনি বলেন, শিল্পকারখানা সচল না থাকলে নতুন কর্মসংস্থানও তৈরি করা সম্ভব নয়। তাই দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর পাঁচ দশকেরও বেশি সময় পার হয়েছে। দেশের উন্নয়নে আর সময় নষ্ট করার সুযোগ নেই। এখন মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি অর্থনীতি ও রাষ্ট্রের সক্ষমতা আরও শক্তিশালী করার সময়।পরিবার ও কৃষকদের জন্য নতুন কর্মসূচিসামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পরীক্ষামূলক পর্যায় শেষ হয়েছে। আগামী ১৬ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণ শুরু করার পরিকল্পনা রয়েছে।কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ড’ চালুর কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি লবণচাষিদেরও সরকারি সহায়তা কর্মসূচির আওতায় আনার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।সমুদ্রসম্পদ কাজে লাগিয়ে শিল্পায়নের উদ্যোগবাংলাদেশের বিশাল সমুদ্রসীমাকে অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই সম্পদ যথাযথভাবে কাজে লাগানো গেলে নতুন কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ তৈরি করা সম্ভব।তিনি জানান, রোববার সকালে মাতারবাড়ী এলাকায় গিয়ে সমুদ্রসম্পদ ব্যবহারের সম্ভাবনা এবং উপকূলীয় অঞ্চলে শিল্পকারখানা গড়ে তোলার বিষয়ে তিনি পরিদর্শন করেছেন।চট্টগ্রাম থেকে মিরসরাই পর্যন্ত উপকূলীয় অঞ্চলে শিল্প ও কারখানা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান এবং ব্যবসার সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।প্রধানমন্ত্রী বলেন, মাতারবাড়ী থেকে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে শিল্পায়নকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থানের পাশাপাশি দেশের বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলে কয়েকশ শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং দেশের বৈদেশিক মুদ্রা আয়ও বাড়বে।বৈদেশিক মুদ্রা আয় বাড়লে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারের বিনিয়োগ ও সেবা সম্প্রসারণের সুযোগ বাড়বে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।স্কাই টাইমস/ এমএ/ ০৯ আগস্ট

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সরকার : প্রধানমন্ত্রী