সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ককরোচদের প্রভাব: বিহারের উপনির্বাচনে বিজেপির ধাক্কা

ভারতের বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে উল্লেখযোগ্য জয় পেয়েছেন রাজনৈতিক কৌশলবিদ থেকে রাজনীতিক হওয়া প্রশান্ত কিশোর। দীর্ঘদিন বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে তার জয়কে রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে সাম্প্রতিক প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের প্রভাবও নির্বাচনের ফলে প্রতিফলিত হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।গত ৩০ জুলাই অনুষ্ঠিত উপনির্বাচনে প্রশান্ত কিশোর ৬৩ হাজারের বেশি ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির নীরজ কুমার পান প্রায় ৪৫ হাজার ভোট। আরজেডির প্রার্থী রেখা কুমারী প্রায় ১৫ হাজার ভোট লাভ করেন।বাঁকিপুর বহু বছর ধরে বিজেপির অন্যতম নিরাপদ আসন হিসেবে পরিচিত। এটি আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের দখলে ছিল। রাজ্যসভায় নির্বাচিত হওয়ায় তিনি বিধায়ক পদ ছেড়ে দিলে উপনির্বাচনের প্রয়োজন হয়। এর আগে ১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত তার বাবা নবীন কিশোর প্রসাদ সিনহা টানা চারবার এই আসনে নির্বাচিত হন। পরে ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা চার মেয়াদে জয়ী হন নিতিন নবীন।বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের পর এটিই ছিল বিজেপির প্রথম বড় নির্বাচনী পরীক্ষা। আন্দোলনের প্রভাব বিহারে সবচেয়ে বেশি অনুভূত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বিজেপির রাজ্য নেতৃত্বও স্বীকার করেছে যে, সাম্প্রতিক প্রশ্নফাঁস ও দুর্নীতিবিরোধী জনমত উপনির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে।দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী কৌশল নির্ধারণের সঙ্গে যুক্ত থাকা প্রশান্ত কিশোর এবার নিজ দলের হয়ে নির্বাচনী লড়াইয়ে নেমে আলোচনায় আসেন। নির্বাচনী প্রচারে তিনি বিহারের কর্মসংস্থান, শিক্ষার সুযোগ, তরুণদের ভবিষ্যৎ, রাজ্য থেকে শ্রমিকদের অন্যত্র পাড়ি জমানোর কারণ এবং উন্নয়ন ও মর্যাদার প্রশ্নকে গুরুত্ব দেন।জয়ের পর প্রশান্ত কিশোর বলেন, এটি শুধু তার ব্যক্তিগত বিজয় নয়, বরং বিহারের মানুষের রায়। তাদের দাবি, এই ফল কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি একটি স্পষ্ট বার্তা যে, রাজ্যের মানুষ গ্রহণযোগ্য ও কার্যকর নেতৃত্ব প্রত্যাশা করে।এদিকে বিহারের পাশাপাশি আরও দুটি বিধানসভা উপনির্বাচনেও বিজেপির ভোটের হার কমেছে। মধ্যপ্রদেশের দতিয়া আসনে কংগ্রেস জয় পেয়েছে। গুজরাটের মঞ্জলপুরে বিজেপি আসন ধরে রাখলেও আগের তুলনায় ভোটের হার কমেছে এবং কংগ্রেসের ভোট বেড়েছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই উপনির্বাচনের ফল একদিকে যেমন বিজেপির জন্য সতর্কবার্তা, অন্যদিকে প্রশান্ত কিশোরের সক্রিয় রাজনীতিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত বহন করছে।স্কাই টাইমস/ এমএ/ ০৩ আগস্ট

ককরোচদের প্রভাব: বিহারের উপনির্বাচনে বিজেপির ধাক্কা