মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, এমপি ও উপজেলা সভাপতির গাড়ি ভাঙচুর

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়ি ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষে কয়েকটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার থানার মোড় এলাকায় জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের মধ্যে দলীয় অভ্যন্তরীণ বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় দুই নেতা ডাকবাংলোর দ্বিতীয় তলায় অবস্থান করছিলেন। এ সময় নিচে থাকা তাদের কর্মী-সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়।একপর্যায়ে কথাকাটাকাটি সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় এমপি সুলতান মাহমুদ বাবু ও বিএনপি নেতা নুরুল ইসলাম নবাবের গাড়িসহ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রাত ৮টার দিকে পুলিশ এমপি সুলতান মাহমুদ বাবুকে নিরাপত্তার সঙ্গে ঘটনাস্থল থেকে সরিয়ে তাঁর গ্রামের বাড়িতে পৌঁছে দেয়।ঘটনার পর ইসলামপুর উপজেলা শহর ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।অন্যদিকে, সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু সাংবাদিকদের বলেন, তিনি নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলার সময় একদল দুষ্কৃতকারী তাঁর গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।তিনি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।তবে সংঘর্ষের সূত্রপাত এবং কারা গাড়ি ও মোটরসাইকেলগুলো ভাঙচুর করেছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।স্কাই টাইমস / এমএ / ১০ জুলাই

জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, এমপি ও উপজেলা সভাপতির গাড়ি ভাঙচুর