মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির

বরিশাল, ১৮ জুলাই: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করা হলে তার পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এবং ফ্যাসিবাদী পথে এগোচ্ছে।শনিবার (১৮ জুলাই) দুপুরে বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, সংসদে একজন অবৈতনিক শিক্ষক প্রায়ই সংবিধান নিয়ে বক্তব্য দেন। কিন্তু গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে না। তিনি বলেন, তারা নতুন শাসনব্যবস্থা ও গণভোটের রায়ের বাস্তবায়ন চান। ক্ষমতায় যাওয়ার পর সরকার সেই রায় ভুলে গেছে বলেও অভিযোগ করেন তিনি।তিনি আরও বলেন, আগামী ২৫ জুলাই সিলেটের সমাবেশের আগেই গণভোটের রায় বাস্তবায়ন করা উচিত। অন্যথায় ঢাকায় বৃহত্তর কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।আঞ্চলিক উন্নয়নের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, ফরিদপুরের ভাঙ্গার পর সড়কের বেহাল অবস্থা দূর করতে হবে। ভোলাবাসীর দীর্ঘদিনের সেতুর দাবি পূরণ এবং দক্ষিণাঞ্চলে রেললাইন নির্মাণের দাবিও জানান তিনি। তার ভাষায়, বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন সম্ভব নয়।সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশে এখনও চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্য বন্ধ হয়নি। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করারও সমালোচনা করেন তিনি।বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবেন তারা। তিনি বলেন, এখনো হরতাল বা অবরোধের মতো কর্মসূচি দেওয়া হয়নি, তবে প্রয়োজন হলে সে ধরনের কর্মসূচি দেওয়া হবে।প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, জনগণ গণভোটে স্পষ্ট রায় দিলেও সরকার তা বাস্তবায়ন করছে না। তিনি অভিযোগ করেন, সরকারের কথার সঙ্গে কাজের মিল নেই এবং সংবিধান সংশোধনের নামে কোনো প্রহসন জনগণ মেনে নেবে না।সমাবেশে এলডিপির সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ (বীর বিক্রম) বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই। তিনি চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেন, আওয়ামী লীগের কর্মীরা বিএনপির সহযোগিতায় পুনর্বাসনের চেষ্টা করছে। এ প্রচেষ্টা প্রতিহত করা হবে বলে জানান তিনি।বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মাহমুদা আলম মিতু, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান, জাতীয় সংসদ সদস্য সৈয়দ জয়নাল আবেদীন, বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল জব্বার এবং বিএম কলেজের সাবেক এজিএস শেখ নেয়ামুল করিমও বক্তব্য দেন।সমাবেশ পরিচালনা করেন সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জহিরউদ্দিন মুহাম্মদ বাবর। এছাড়া সঞ্চালনায় ছিলেন ফখরুদ্দিন খান রাজী, আবু সাঈদ মুসা, আবু সাঈদ ফেরদৌস, মিজানুর রহমান ও এম আনোয়ার হোসেন।সমাবেশ শুরুর আগে সকাল থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। দুপুরের আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সকাল ১০টা থেকে স্থানীয় নেতাদের বক্তব্যের ফাঁকে দেশীয় সাংস্কৃতিক সংসদ বরিশাল অঞ্চলের শিল্পীরা কোরাস সংগীত পরিবেশন করেন। স্কাইটাইমস/টিএম/১৮ জুলাই 

প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির