সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ফেসবুকের বিজ্ঞাপনে পেমেন্ট সুবিধায় যুক্ত হচ্ছে বিকাশ

বাংলাদেশের অনলাইন ব্যবসায়ী ও ডিজিটাল উদ্যোক্তাদের জন্য নতুন একটি পেমেন্ট সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। তাদের বিজ্ঞাপন ব্যবস্থায় পেমেন্ট অপশন হিসেবে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশকে যুক্ত করা হচ্ছে বলে জানা গেছে।এই সুবিধা পুরোপুরি চালু হলে বাংলাদেশি উদ্যোক্তাদের ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ডের ওপর নির্ভরতা কমতে পারে। বিশেষ করে ছোট ও মাঝারি পর্যায়ের অনলাইন ব্যবসায়ীদের জন্য এটি তুলনামূলক সহজ একটি বিকল্প তৈরি করতে পারে।তবে নতুন সুবিধাটি এখনো আনুষ্ঠানিকভাবে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়নি। এরই মধ্যে কিছু ফেসবুক ব্যবহারকারীর অ্যাডস ম্যানেজারে বিকাশকে পেমেন্ট পদ্ধতি হিসেবে দেখা যাচ্ছে। কয়েকজন ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে বিকাশের মাধ্যমে বিজ্ঞাপনের অর্থ পরিশোধ করতে সক্ষম হয়েছেন বলেও জানা গেছে।ব্যবহারকারীদের প্রকাশ করা বিভিন্ন স্ক্রিনশটে দেখা যায়, অ্যাডস ম্যানেজারের পেমেন্ট মেথড যুক্ত করার অপশনে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশের নামও প্রদর্শিত হচ্ছে। তবে কোন কোন অ্যাকাউন্টে এই সুবিধা দেখা যাচ্ছে, তা এখনো স্পষ্ট নয়।এত দিন বাংলাদেশ থেকে ফেসবুকে বিজ্ঞাপন দিতে উদ্যোক্তাদের আন্তর্জাতিক লেনদেন সুবিধাযুক্ত কার্ড বা ডুয়াল-কারেন্সি কার্ড ব্যবহার করতে হতো। ব্যাংকিং প্রক্রিয়ার জটিলতা, কার্ড পাওয়া এবং আন্তর্জাতিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন শর্তের কারণে অনেক ক্ষুদ্র উদ্যোক্তাকে সমস্যায় পড়তে হয়েছে।বিকাশের মতো স্থানীয় মোবাইল আর্থিক সেবা পেমেন্ট ব্যবস্থায় যুক্ত হলে এসব জটিলতা কিছুটা কমতে পারে। একই সঙ্গে স্থানীয় মুদ্রায় বিজ্ঞাপনের খরচ পরিশোধের সুযোগ তৈরি হলে নতুন উদ্যোক্তাদের জন্য ফেসবুকভিত্তিক ডিজিটাল মার্কেটিং আরও সহজ হতে পারে।প্রযুক্তি খাতের সংশ্লিষ্টদের মতে, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নতুন পেমেন্ট পদ্ধতি সাধারণত ধাপে ধাপে পরীক্ষার মাধ্যমে চালু করে। সে হিসেবে বর্তমানে সীমিতসংখ্যক অ্যাকাউন্টে বিকাশের অপশন দেখা যাওয়াকে পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।তবে এ বিষয়ে এখনো মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে কবে নাগাদ বাংলাদেশের সব ব্যবহারকারীর জন্য বিকাশের মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধের সুবিধা চালু হবে, তা নিশ্চিত নয়।সুবিধাটি শেষ পর্যন্ত সবার জন্য চালু হলে বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স ও ডিজিটাল মার্কেটিং খাতে এটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।স্কাই টাইমস/ এমএ/ ০৭ আগস্ট 

ফেসবুকের বিজ্ঞাপনে পেমেন্ট সুবিধায় যুক্ত হচ্ছে বিকাশ