মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

শেষ নৃত্যের মঞ্চে রোনালদো-মদ্রিচ, হাসবেন একজন কাঁদবে গোটা ফুটবল বিশ্ব

ফুটবল কখনো কখনো এমন কিছু মুহূর্ত উপহার দেয়, যেখানে জয়-পরাজয়ের চেয়েও বড় হয়ে ওঠে বিদায়ের গল্প। ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ পর্তুগাল ও ক্রোয়েশিয়ার ম্যাচটি ঠিক তেমনই এক অধ্যায়ের নাম। বাংলাদেশ সময় অনুযায়ী ভোর ৫টায় মাঠে নামবে দুই ইউরোপিয়ান শক্তি। কিন্তু কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ থাকবে দুই মহাতারকা—ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের দিকে। হয়তো এটিই হতে যাচ্ছে দেশের জার্সি গায়ে জড়িয়ে শেষ ম্যাচ। নির্ধারিত সময় শেষে হয়তো একজন উঠবে পরের রাউন্ডে কিন্তু অন্যজনের হারেই কাঁদবে পুরো ফুটবল বিশ্ব। একজনের বয়স এখন একচল্লিশ, অন্যজনের চল্লিশ ঘরে। ফুটবল ইতিহাসের অন্যতম সফল দুই তারকা ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন। পাঁচটি ব্যালন ডি'অরজয়ী রোনালদো, আর একটি ব্যালন ডি'অরজয়ী মদ্রিচ। যারা একটি প্রজন্মকে ফুটবলকে কেন্দ্র করে বাঁচতে শিখিয়েছেন, বিশ্ব ফুটবলকে শাসন করেছেন প্রায় দুই দশক ধরে। অসংখ্য রেকর্ডের তালিকায় দুজনই থাকবেন উপরের দিকে। কিন্তু সময় তো বয়ে যায়, তাকে কেউ আটকাতে পারে না। তাই হয়তো এটাই হতে যাচ্ছে দুই কিংবদন্তির শেষ বিশ্বকাপ। সবচেয়ে আবেগের বিষয় হলো, ভোরে যারা একে অপরকে হারানোর জন্য মাঠে নামবেন, তারা একসময় একই স্বপ্নের সৈনিক ছিলেন। রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে বছরের পর বছর একসঙ্গে লড়েছেন রোনালদো ও মদ্রিচ। একে অপরের সাফল্যের সঙ্গী হয়েছেন। একসঙ্গে জিতেছেন চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা, চারটি ক্লাব বিশ্বকাপসহ অসংখ্য শিরোপা। রোনালদোর অসংখ্য গোলের পেছনে ছিল মদ্রিচের নিখুঁত পাস, আবার মদ্রিচের সেরা সময়গুলোও আলোকিত হয়েছে রোনালদোর উপস্থিতিতে। সেই দুই সতীর্থই আজ ভাগ্যের নির্মম পরিহাসে দাঁড়িয়ে গেছেন দুই বিপরীত শিবিরে।বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনো মুখোমুখি হয়নি রোনালদোর পর্তুগাল ও মদ্রিচের ক্রোয়েশিয়া। তাই এটিই হতে যাচ্ছে তাদের প্রথম বিশ্বকাপ লড়াই। তবে আন্তর্জাতিক ফুটবলে দুই দলের দেখা হয়েছে ১০ বার। সেই লড়াইয়ে পর্তুগালের দাপটই বেশি। সাতটি জয় তাদের, ক্রোয়েশিয়ার মাত্র একটি, আর দুটি ম্যাচ ড্র হয়েছে। পরিসংখ্যান পর্তুগালের পক্ষে কথা বললেও বিশ্বকাপের নকআউট মঞ্চে এসব স্ট্যাটের গুরুত্ব নগন্য। এখানে শেষ মিনিটেও বদলে যায় ভাগ্য। তাই আজকের ম্যাচটি শুধু শেষ ষোলোয় ওঠার লড়াই নয়। কারণ শেষ বাঁশি বাজার পর একজনের স্বপ্ন বেঁচে থাকবে, আর আরেকজনকে হয়তো শেষবারের মতো বিশ্বকাপকে বিদায় জানাতে হবে।হয়তো এটাই শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে রোনালদোর সেই পরিচিত উদযাপন। হয়তো এটাই শেষবারের মতো দেখা যাবে মদ্রিচের শান্ত অথচ জাদুকরী মিডফিল্ড পরিচালনা। ২০ বছরেরও বেশি সময় ধরে যারা ফুটবলকে সৌন্দর্য, আবেগ আর অনুপ্রেরণা দিয়ে এসেছেন, তাদের একজন হাসবেন শেষ হাসি।আজ হারবে শুধু একটি দল নয়। আজ বিশ্বকাপ হারাবে তার সবচেয়ে উজ্জ্বল দুই নক্ষত্রের একজনকে। আর শেষ বাঁশি বাজতেই, হয়তো কোটি কোটি সমর্থকের সঙ্গে কেঁদে উঠবে পুরো ফুটবল বিশ্ব। স্কাই টাইমস/ টিএম/ ০২ জুলাই

শেষ নৃত্যের মঞ্চে রোনালদো-মদ্রিচ, হাসবেন একজন কাঁদবে গোটা ফুটবল বিশ্ব