প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, তবুও বিলবোর্ডে প্রতিমন্ত্রীর ছবি!
সরকারি অনুষ্ঠান ও রাষ্ট্রীয় প্রচারণায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার না করার নির্দেশনা দেয়া হয়েছে। তবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর ছবি ব্যবহারের ঘটনা নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে স্থাপিত বিলবোর্ডে এই ছবি দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্থাপিত একটি সরকারি বিলবোর্ডে দিবসের প্রতিপাদ্যের পাশাপাশি প্রতিমন্ত্রীর বড় আকারের প্রতিকৃতি স্থান পেয়েছে। বিলবোর্ডে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর নামও উল্লেখ রয়েছে।
এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, সরকারি অনুষ্ঠান উপলক্ষে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীসহ কোনো ব্যক্তির ছবি ব্যবহার না করে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তুকে গুরুত্ব দিতে হবে। নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে কর্মসূচির মূল প্রতিপাদ্যই স্পষ্টভাবে ফুটে ওঠে।
এমন নির্দেশনার পরও প্রতিমন্ত্রীর ছবি সংবলিত বিলবোর্ড স্থাপন হওয়ায় প্রশ্ন উঠেছে—এটি সংশ্লিষ্ট নির্দেশনার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করছেন, ব্যক্তিকেন্দ্রিক প্রচার পরিহারের যে নীতি সরকার ঘোষণা করেছে, এই বিলবোর্ড তা অনুসরণ করেছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা প্রয়োজন।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, সরকারি প্রচারণায় ব্যক্তি নয়, কর্মসূচি ও জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার নীতি বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও সংস্থার সমানভাবে নির্দেশনা অনুসরণ করা জরুরি। অন্যথায় সরকারি সিদ্ধান্তের প্রয়োগ নিয়ে বিভ্রান্তি ও বিতর্ক তৈরি হতে পারে।
স্কাই টাইমস/ এমএ/ ০৭ জুলাই