মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ৪ ছাত্র সংগঠনের

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা ও টানা অতিবৃষ্টির কারণে এইচএসসি ও সমমানের চলমান পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার দাবি জানিয়েছে চারটি ছাত্রসংগঠন। সংগঠনগুলো হলো—ছাত্রশক্তি, ছাত্রশিবির, ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদ।সংগঠনগুলোর নেতারা বলেন, দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটেছে। অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে এবং পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা অব্যাহত থাকলে হাজারো শিক্ষার্থী বৈষম্যের শিকার হতে পারে।তাদের দাবি, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করতে চলমান এইচএসসি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা প্রয়োজন। একই সঙ্গে বন্যা পরিস্থিতির উন্নতি হলে নতুন সময়সূচি ঘোষণা করে স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেওয়ার আহ্বান জানান তারা।ছাত্রসংগঠনগুলোর মতে, দেশের অনেক শিক্ষার্থী বর্তমানে বন্যাকবলিত এলাকায় অবস্থান করছে। অনেকের বাড়িঘর পানিতে তলিয়ে গেছে এবং যাতায়াত ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে স্বাভাবিকভাবে পরীক্ষায় অংশ নেওয়া তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।এ বিষয়ে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় বা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। তবে পরীক্ষার্থীদের অভিভাবক ও বিভিন্ন মহল পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন।উল্লেখ্য, দেশের কয়েকটি জেলায় ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে জনজীবনের পাশাপাশি শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।স্কাই টাইমস/ এমএ/ ১৩ জুলাই

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ৪ ছাত্র সংগঠনের