মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের একাদশে নেই নেইমার

বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশে জায়গা হয়নি নেইমারের। দীর্ঘদিনের চোট কাটিয়ে দলে ফিরলেও কার্লো আনচেলত্তি শুরু থেকেই ঝুঁকি নিতে চাননি।বাংলাদেশ সময় সোমবার (৬ জুলাই) রাত ২টায় বিশ্বকাপের শেষ ষোলোর এই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। নকআউট পর্বের এই লড়াইয়ে জয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনাল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরুর একাদশে নেইমারকে রাখেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। দীর্ঘদিনের চোট কাটিয়ে ফিরলেও তাকে পুরোপুরি ঝুঁকিমুক্ত রাখতে বেঞ্চে রাখা হয়েছে। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয়ার্ধে, বিশেষ করে ৬০ থেকে ৭০ মিনিটের মধ্যে অভিজ্ঞ এই তারকাকে মাঠে নামানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ম্যাচ-পূর্ব বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্লেষকদের অধিকাংশই ব্রাজিলকে ফেভারিট হিসেবে দেখছেন। সম্ভাব্য স্কোরলাইন হিসেবে ২-১ ব্যবধানে ব্রাজিলের জয়ের পূর্বাভাসই সবচেয়ে বেশি এসেছে। বিশ্লেষকদের মতে, ভিনিসিয়ুস জুনিয়রের গতি ও সৃজনশীলতা ব্রাজিলকে এগিয়ে রাখলেও, নরওয়ের আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ড যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। অনেকেই মনে করছেন দুই দলই গোল করবে, তবে শেষ হাসি হাসবে সেলেসাওরাই।ব্রাজিলের সম্ভাব্য আক্রমণভাগে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনিয়া ও তরুণ রায়ান। অন্যদিকে নরওয়ের মূল ভরসা আর্লিং হালান্ড ও অধিনায়ক মার্টিন ওডেগার্ড। নকআউট ম্যাচ হওয়ায় দুই দলের মধ্যেই বাড়তি সতর্কতা থাকলেও আক্রমণাত্মক ফুটবল দেখার আশা করছেন ফুটবলপ্রেমীরা।ইতিহাস অবশ্য নরওয়ের পক্ষেই কথা বলে। ব্রাজিলের বিপক্ষে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে নরওয়ে জিতেছে দুটি ম্যাচ, বাকি দুটি হয়েছে ড্র। ব্রাজিল এখনো নরওয়েকে হারাতে পারেনি। সর্বশেষ বিশ্বকাপে ১৯৯৮ সালের গ্রুপ পর্বে নরওয়ে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়েছিল। এছাড়া ১৯৯৭ সালে একটি প্রীতি ম্যাচ ৪-২ গোলে জিতেছিল নরওয়ে, আর ১৯৮৮ ও ১৯৯৮ সালের আরেকটি প্রীতি ম্যাচ ড্র হয়েছিল।সব মিলিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে এটি হতে যাচ্ছে অন্যতম আকর্ষণীয় লড়াই। একদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে ইতিহাসে কখনো ব্রাজিলের কাছে না হারার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে নরওয়ে। বেঞ্চে থাকা নেইমার দ্বিতীয়ার্ধে নেমে ম্যাচের ভাগ্য বদলাতে পারেন কি না, সেটিই এখন দেখার অপেক্ষা। স্কাই টাইমস/টিএম/৫ জুলাই

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের একাদশে নেই নেইমার