সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং তার দাবি করা দ্বিতীয় বিয়ের কাবিননামা নিয়ে নতুন বিতর্ক সামনে এসেছে। কাজী জানিয়েছেন, কাবিনে সই হয়েছে আজ। তবে তারিখ দেয়া হয়েছে ১৭ জুনের। গাজী নজরুল ইসলাম এর আগে দাবি করেন, তিনি গত ১৭ জুন মরিয়ম খাতুন নামে এক নারীকে বিয়ে করেছেন। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কাবিননামা এবং বিয়ের নিবন্ধন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন অসঙ্গতির অভিযোগ সামনে আসে।শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নিবন্ধনকারী কাজী মাওলানা বি এ এম বাকী বিল্লাহ গণমাধ্যমকে জানান, বিয়ে কোথায় সম্পন্ন হয়েছে তা তিনি নিজে জানেন না। তার ভাষ্য অনুযায়ী, সোমবার গভীর রাতে ঢাকায় সম্পন্ন হওয়া একটি বিয়ের নিবন্ধন করার জন্য তার সঙ্গে যোগাযোগ করা হয় এবং ফোনে দেওয়া তথ্যের ভিত্তিতে কাবিননামা প্রস্তুত করা হয়।তিনি আরও দাবি করেন, পরে কনের পক্ষ থেকে প্রয়োজনীয় সম্মতি নিশ্চিত করা হয় এবং পরদিন সংশ্লিষ্ট ব্যক্তিরা এসে কাবিননামায় স্বাক্ষর করেন। কাজীর ভাষ্য, বিয়ের তারিখ, কনের পরিচয় ও অন্যান্য তথ্য তাকে ফোনেই জানানো হয়েছিল এবং তিনি সেই তথ্য অনুযায়ী নিবন্ধনের কাজ সম্পন্ন করেন।এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কাবিননামায় কনের জন্মতারিখ নিয়ে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত একটি জীবনবৃত্তান্তে সংশ্লিষ্ট নারীর বৈবাহিক অবস্থা "অবিবাহিত" উল্লেখ থাকায় বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে এমপি গাজী নজরুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।ভিডিও প্রকাশের পর গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। অপরদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পৃথক ভিডিও বার্তায় ওই নারী, তার পরিবারের সদস্য এবং এমপির প্রথম স্ত্রীও বিয়ের দাবি সমর্থন করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।এ ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সাংগঠনিকভাবে বিষয়টি পর্যালোচনা করা হবে।স্কাই টাইমস/ এমএ/ ২১ জুলাই