যুক্তরাষ্ট্রের রণকৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র একদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করছে, অন্যদিকে যুদ্ধ বন্ধের কথা বলছে। তবে ওয়াশিংটনের এই কৌশল এখন তেহরান পুরোপুরি বুঝে ফেলেছে বলে মন্তব্য করেন তিনি।আল জাজিরার প্রতিবেদনের বরাতে সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ এ মন্তব্য করেন।তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে এই অঞ্চলে নতুন সামরিক সরঞ্জাম মোতায়েন করছে, আবার একই সঙ্গে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে। তার ভাষায়, এ ধরনের অবস্থান পরস্পরবিরোধী।গালিবাফ আরও বলেন, যুক্তরাষ্ট্র হয়তো মনে করছে ইরানের গোয়েন্দা সক্ষমতা সীমিত। কিন্তু বাস্তবে ইরান এখন তাদের কৌশল ও পরিকল্পনা সম্পর্কে যথেষ্ট সচেতন এবং এসব পদক্ষেপের উদ্দেশ্য অনুধাবন করতে সক্ষম।তিনি জোর দিয়ে বলেন, শান্তির বার্তা শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত। দাবি ও কার্যক্রমের মধ্যে অসামঞ্জস্য থাকলে তা গ্রহণযোগ্য হতে পারে না।সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি ও সমঝোতা নিয়ে আলোচনা চললেও উভয় দেশই একে অপরের বিরুদ্ধে বিভিন্ন চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে আসছে। এমন প্রেক্ষাপটে গালিবাফের এই মন্তব্যকে ওয়াশিংটনের উদ্দেশে তেহরানের কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।স্কাইটাইমস/টিএম/২০ জুলাই