ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লিতে ৬ বাংলাদেশি আটক
ভারতের রাজধানী দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ভারতের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফের ‘ফরেনার সেল’ পরিচালিত ‘অপারেশন ভিস্তা ১.০’-এর আওতায় তাদের আটক করা হয়।ভারতীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রোববার (২ আগস্ট) পরিচালিত অভিযানে দেখা যায়, আটক ব্যক্তিরা ডাবল-এন্ট্রি ভিসায় ভারতে প্রবেশ করলেও অনুমোদিত সময়সীমার বেশি দিন সেখানে অবস্থান করছিলেন। ডাবল-এন্ট্রি ভিসার আওতায় প্রতিবার সর্বোচ্চ ১৫ দিন থাকার অনুমতি থাকলেও তারা নির্ধারিত সময় অতিক্রম করেছেন বলে অভিযোগ করা হয়েছে।জানা গেছে, সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিভিন্ন হোটেল ও গেস্টহাউসে বিশেষ যাচাই অভিযান চালানোর সময় মধ্য দিল্লির একটি হোটেলে অবস্থানরত ওই ছয় বাংলাদেশিকে শনাক্ত করা হয়। পরে তাদের পাসপোর্ট, ভিসা এবং ইমিগ্রেশন সংক্রান্ত নথিপত্র পরীক্ষা করে ভিসার শর্ত লঙ্ঘনের বিষয়টি নিশ্চিত হওয়ার দাবি করেছে কর্তৃপক্ষ।এরপর বিষয়টি ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) কাছে পাঠানো হলে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া শুরু হয়। এফআরআরও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে এবং একটি নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করে।পরবর্তীতে ছয় বাংলাদেশিকে দিল্লির সেবা ধাম ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে ফেরত পাঠানোর (ডিপোর্টেশন) আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবেন।কর্তৃপক্ষের ভাষ্য, বিদেশি নাগরিকদের ভিসা সংক্রান্ত বিধি মেনে চলা নিশ্চিত করতে ‘অপারেশন ভিস্তা ১.০’ পরিচালনা করা হচ্ছে। এই অভিযানের উদ্দেশ্য হলো ভিসার মেয়াদ বা শর্ত লঙ্ঘনকারী বিদেশি নাগরিকদের শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া।স্কাই টাইমস/ এমএ/ ০২ আগস্ট