সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ঢাবি কেন্দ্রীয় মসজিদে লাগানো হলো এসি, কৃতজ্ঞতা জানালেন সাবেক উপাচার্য

দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নতুন এয়ার কন্ডিশনিং (এসি) ব্যবস্থা চালু হয়েছে। এতে মুসল্লিদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা গেছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান।রবিবার (৯ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ আদায়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি এ তথ্য জানান।ড. নিয়াজ আহমেদ খান বলেন, হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ পড়তে গিয়ে তিনি নতুন এসি ব্যবস্থার উদ্বোধন প্রত্যক্ষ করেন। মুসল্লিদের মধ্যে এ উদ্যোগ নিয়ে আনন্দ ও স্বস্তির ছাপও দেখতে পেয়েছেন তিনি।তার দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর দীর্ঘ প্রচেষ্টা ও নিয়মিত তাগাদার পর মসজিদটির এসি ব্যবস্থা চালু করা সম্ভব হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা মসজিদের সংস্কার ও পুনঃসজ্জার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগও পূর্ণতা পেল।সাবেক উপাচার্য বলেন, প্রায় চার দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদটি অনেকটা পরিকল্পিত অবহেলার শিকার হয়েছে। মসজিদটির উন্নয়নে এসি ব্যবস্থা চালু হওয়াকে তিনি দীর্ঘ প্রতীক্ষিত একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।ফেসবুক পোস্টে তিনি জানান, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে ডাকসুর একটি প্রতিনিধিদলের সদস্য হিসেবে আবু সাদিক, মাজহার ও আসিফসহ তৎকালীন জ্বালানি উপদেষ্টা ড. ফাওজুল কবির খানের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেছিলেন। ওই সময় কেন্দ্রীয় মসজিদের সংস্কারকাজের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহে তার সহযোগিতা চাওয়া হয়।ড. ফাওজুল কবির খান পরবর্তীতে চট্টগ্রামভিত্তিক একটি স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন বলে জানান সাবেক উপাচার্য। তবে প্রতিষ্ঠানটি নিজেদের নাম প্রকাশ না করার অনুরোধ করায় তিনি তাদের পরিচয় প্রকাশ করেননি।পরে ডাকসুর উদ্যোগে ভিসি বাংলোয় ওই দাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হয়। ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে মসজিদ সংস্কারে সহযোগিতার বিষয়টি চূড়ান্ত হয় বলে তিনি জানান।তার ভাষ্য অনুযায়ী, এরপর কয়েক মাস ধরে ডাকসু দাতা প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও প্রকল্প বাস্তবায়নের বিষয়টি অনুসরণ করে। একপর্যায়ে মসজিদের অবকাঠামো ও নির্মাণকাজ সম্পন্ন হয়।সাবেক উপাচার্য আরও জানান, উপাচার্যের দায়িত্ব ছাড়ার আগে ড. ফাওজুল কবির খান ও তৎকালীন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. খালিদ হোসেনকে সঙ্গে নিয়ে ডাকসুর আয়োজনে মসজিদ সংস্কারকাজের উদ্বোধন করা হয়েছিল।তবে সংস্কার প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এসি ব্যবস্থা তখনই চালু করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা না থাকায় সেটি চালু করতে বিলম্ব হয়। পরে ডাকসুর পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ ও তাগাদার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়। এরপরই এসি সিস্টেম চালু করা সম্ভব হয়।এই উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ড. নিয়াজ আহমেদ খান বিশেষভাবে নাম প্রকাশে অনিচ্ছুক দাতা প্রতিষ্ঠান, ড. ফাওজুল কবির খান এবং ডাকসুর নেতৃবৃন্দ মাজহার, আবু সাদিক, আসিফ, ফারহাদ, যুবায়ের ও মোসাদ্দেকের প্রতি ধন্যবাদ জানান।একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পোস্টের শেষে সংশ্লিষ্ট সবার প্রচেষ্টার জন্য মহান আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করেন সাবেক এই উপাচার্য।স্কাই টাইমস/ এএ/ ১০ আগস্ট

ঢাবি কেন্দ্রীয় মসজিদে লাগানো হলো এসি, কৃতজ্ঞতা জানালেন সাবেক উপাচার্য