সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

২৫ লাখ টাকায় খুনি ভাড়া করে স্বেচ্ছাসেবক দল নেতা

ঢাকা: রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় যুবদল কর্মী মো. ইউসুফ আলী হত্যা মামলার তদন্তে নতুন তথ্য প্রকাশ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ ওরফে ‘সিএনজি হাফিজ’-এর নাম উঠে এসেছে বলে জানিয়েছে ডিবি।সোমবার (২৭ জুলাই) আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের মূল লক্ষ্য ছিলেন কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু। ময়লা অপসারণের টেন্ডার এবং ফুটপাত নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধের জেরে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। এ কাজে ২৫ লাখ টাকার বিনিময়ে পেশাদার খুনি ভাড়া করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।ডিবির তথ্য অনুযায়ী, গত ২৯ জুন হাসান, জিয়ারুল, চঞ্চল ও জিহাদসহ কয়েকজন ঢাকায় এসে সিএনজি হাফিজের সঙ্গে বৈঠক করেন। তারা প্রথমে মিরপুর-১০ এলাকার একটি হোটেলে অবস্থান নেন এবং পরে হাফিজের গ্যারেজে যান। সেখানে হাফিজের ম্যানেজার নাহিদের মাধ্যমে দুটি আগ্নেয়াস্ত্র তাদের কাছে পৌঁছে দেওয়া হয়।তদন্তে আরও জানা যায়, ওইদিন অস্ত্র থেকে অনাকাঙ্ক্ষিতভাবে গুলি বের হয়ে যাওয়ায় পরিকল্পিত হামলা স্থগিত করা হয়। পরে লক্ষ্যব্যক্তিকে শনাক্ত করে অভিযুক্তরা অগ্রিম ৫০ হাজার টাকা নিয়ে ফিরে যান।ডিবি জানায়, ২২ জুলাই তারা আবার ঢাকায় এসে মিরপুর-২ এলাকার একটি হোটেলে ওঠেন। পরদিন সন্ধ্যায় গ্যারেজে বৈঠকের পর দুটি লোড করা পিস্তল নিয়ে তারা হাফিজুল ইসলাম বাবুর কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় কয়েকজন সহযোগী ঘটনাস্থল পর্যবেক্ষণ, পালানোর পথ নিশ্চিত করা এবং পুলিশের গতিবিধি নজরদারির দায়িত্বে ছিলেন বলেও দাবি করা হয়েছে।পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার রাতে হাফিজুল ইসলাম বাবু কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করছিলেন। সেখানে উপস্থিত অপরিচিত কয়েকজনকে সন্দেহ হলে তাদের পরিচয় জানতে চান এবং তল্লাশির চেষ্টা করেন। একপর্যায়ে অভিযুক্তদের একজন গুলি চালালে যুবদল কর্মী মো. ইউসুফ আলী বুকে গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।উল্লেখ্য, গত ২৪ জুলাই রাতে মিরপুর-১৩ এলাকার ওপেক্স গার্মেন্টসের পাশে একটি চায়ের দোকানের সামনে এ গুলির ঘটনা ঘটে। এতে ইউসুফ আলী নিহত হওয়ার পাশাপাশি আরও তিনজন আহত হন।ডিবি জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।স্কাই টাইমস/ এমএ/ ২৭ জুলাই

২৫ লাখ টাকায় খুনি ভাড়া করে স্বেচ্ছাসেবক দল নেতা