ডিএনসিসির পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা হয়েছে: প্রধানমন্ত্রী
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন পার্ক ও খেলার মাঠ থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এসব স্থাপনা দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রধানমন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে বর্তমানে ১৮৯টি পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান রয়েছে। এর মধ্যে ৩৮টি ডিএনসিসির নিজস্ব মালিকানাধীন। এগুলোর মধ্যে রয়েছে ২৪টি পার্ক, ৬টি খেলার মাঠ, ৪টি শিশু পার্ক এবং ৪টি ঈদগাহ। এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং নিরাপত্তাকর্মী নিয়োগ করা হয়েছে। তিনি জানান, ইতোমধ্যে ২০টি পার্ক ও ৪টি খেলার মাঠসহ মোট ২৮টি স্থাপনার উন্নয়নকাজ শেষ হয়েছে। রাজউক ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধীন থাকা বাকি ১৫১টি স্থানও পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে। প্রধানমন্ত্রী আরও জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় নিজস্ব ও অন্যান্য সংস্থার মালিকানাধীন মোট ২৫৬টি পার্ক ও খেলার মাঠ রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী ফুটপাত ও খেলার মাঠ থেকে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসি নিয়মিত অভিযান পরিচালনা করছে। পাশাপাশি মালিটোলা পার্ক, শহীদ মতিউর রহমান পার্ক, ওসমানী উদ্যান, নবাবগঞ্জ পার্ক ও বাসাবো খেলার মাঠসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার উন্নয়নকাজ চলমান রয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়ন পরিকল্পনার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সেখানে বর্তমানে খেলার মাঠের সংখ্যা সীমিত হলেও ৮টি জোনে ৮টি এবং ৫৭টি ওয়ার্ডে ৫৭টি নতুন খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া ময়মনসিংহ, বরিশালসহ অন্যান্য সিটি করপোরেশনেও পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করার কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন হয়েছে। শিশু-কিশোরদের খেলাধুলার জন্য প্রতিটি এলাকায় পর্যাপ্ত খোলা মাঠ নিশ্চিত করতে সরকার কাজ করছে। একই সঙ্গে পার্ক ও খেলার মাঠে অবৈধ দখল রোধে উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান। স্কাইটাইমস/টিএম/১৫ জুলাই