স্পেনের বিশ্বকাপ উদযাপনের ছবিতে জোর করে ট্রাম্পের অবস্থান!
বিশ্বকাপ জয়ের পর স্পেনের ট্রফি উদযাপনের একটি ছবি ও ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি পুরস্কার বিতরণী মঞ্চে স্প্যানিশ খেলোয়াড়দের সঙ্গে অবস্থান করছিলেন।মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের হাতে ট্রফি তুলে দেওয়ার আনুষ্ঠানিকতা শেষে সাধারণত অতিথিরা মঞ্চ ত্যাগ করেন। তবে এবার ট্রাম্পকে খেলোয়াড়দের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ঠিক সেই সময় স্পেনের অধিনায়ক রদ্রি সতীর্থদের নিয়ে ট্রফি উঁচিয়ে ধরেন, ফলে বিশ্বজয়ের ঐতিহাসিক ছবিতেও ট্রাম্পের উপস্থিতি ধরা পড়ে।এর আগে ফিফা সভাপতি জান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, এবারের আসরে তিনি এবং ট্রাম্প যৌথভাবে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন। তবে ট্রফি হস্তান্তরের পরও ট্রাম্প মঞ্চে অবস্থান করায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়।টেলিভিশনের সম্প্রচার ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রফি উঁচিয়ে ধরার আগে স্পেনের কয়েকজন ফুটবলার একে অপরের দিকে তাকিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন। যদিও ট্রাম্পকে সরাসরি মঞ্চ ছাড়ার অনুরোধ করতে কাউকে দেখা যায়নি।ঘটনার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। অনেকের মতে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকা স্বাভাবিক হলেও, খেলোয়াড়দের বিজয় উদযাপনের মুহূর্তে মঞ্চে থেকে যাওয়ায় ঐতিহ্য ও প্রটোকল নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে কেউ কেউ এটিকে বড় কোনো বিষয় নয় বলেও মন্তব্য করেছেন।এটি অবশ্য ট্রাম্পের ক্ষেত্রে প্রথম নয়। ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের ফাইনালেও চেলসি শিরোপা জয়ের পর তিনি ট্রফি হস্তান্তরের পর খেলোয়াড়দের সঙ্গে মঞ্চে অবস্থান করেছিলেন। সে সময় চেলসির অধিনায়ক রিস জেমস এবং মিডফিল্ডার কোল পামারও জানিয়েছিলেন, ট্রাম্পের মঞ্চে থেকে যাওয়ায় তারা কিছুটা বিস্মিত হয়েছিলেন।সব মিলিয়ে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের আনন্দের পাশাপাশি পুরস্কার বিতরণী মঞ্চে ট্রাম্পের উপস্থিতিও বিশ্বজুড়ে আলোচনার একটি বড় বিষয় হয়ে উঠেছে। সামাজিক মাধ্যমে কেউ বিষয়টিকে হাস্যরসের চোখে দেখছেন, আবার কেউ প্রটোকল ও ক্রীড়া ঐতিহ্যের দৃষ্টিকোণ থেকে সমালোচনা করছেন।স্কাই টাইমস/ এমএ/ ২০ জুলাই