১১ দিনে টেকনাফে নাফ নদী ও উপকূল থেকে ৫ মরদেহ উদ্ধার
টানা ১১ দিনে কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী ও উপকূলীয় বিভিন্ন এলাকা থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে তিন নারীর মরদেহ, একটি মানবকঙ্কাল এবং সর্বশেষ এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ।রোববার (১৯ জুলাই) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মরদেহটি বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত যুবকের পরনে ছিল গাঢ় নীল রঙের হাফ প্যান্ট ও হালকা সবুজ রঙের জার্সি। তার বয়স আনুমানিক ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক পর্যবেক্ষণে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।স্থানীয়দের ধারণা, সম্প্রতি সমুদ্রপথে মালয়েশিয়াগামী দুটি ট্রলার মিয়ানমার উপকূলে ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজদের মধ্যে তিনি একজন হতে পারেন। এছাড়া মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী পাড়ি দিয়ে শাহপরীর দ্বীপে আসার পথে বদরমোকাম চ্যানেলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের কেউও হতে পারেন। তবে এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, সকালে নাফ নদীর তীরে একটি মরদেহ ভেসে আসার খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সনজীব বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।তিনি আরও জানান, মৃত ব্যক্তি বাঙালি নাকি রোহিঙ্গা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।স্থানীয়দের ভাষ্য, কয়েক দিন ধরে বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর ও নাফ নদী উত্তাল রয়েছে। এ অবস্থায় সমুদ্র ও নদীর বিভিন্ন স্থান থেকে আরও মরদেহ ভেসে আসার আশঙ্কা রয়েছে।এর আগে গত ৮ জুলাই টেকনাফের শাহপরীর দ্বীপ, সেন্ট মার্টিন ও রাজারছড়া সৈকত এলাকা থেকে তিন অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ১০ জুলাই শাহপরীর দ্বীপসংলগ্ন সৈকত থেকে আরও একটি মানবকঙ্কাল উদ্ধার করে পুলিশ।স্কাইটাইমস/টিএম/১৯ জুলাই