মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

বিশ্বকাপ ব্যার্থতায় জার্মানির কোচের পদ ছাড়লেন নাগেলসমান

বিশ্বকাপে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের দায় নিজের কাঁধে নিয়ে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জুলিয়ান নাগেলসমান। জার্মান সংবাদমাধ্যম বিল্ড ও স্কাই জার্মানির খবরে এ তথ্য উঠে এসেছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ১-১ গোলে সমতায় থাকলেও টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে পরাজিত হয় তারা। এই ব্যর্থতার পর ফ্রাঙ্কফুর্টে ডিএফবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন ৩৮ বছর বয়সী নাগেলসমান। বৈঠক শেষে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।জানা গেছে, নাগেলসমানের সঙ্গে ডিএফবির চুক্তি ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত কার্যকর ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই দায়িত্ব ছাড়ায় তিনি ক্ষতিপূরণ হিসেবে প্রায় ৭০ লাখ ইউরো পেতে পারেন।নাগেলসমানের বিদায়ের পর জার্মানির নতুন কোচ কে হবেন, তা নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সাবেক লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের নাম। বর্তমানে তিনি রেড বুল গ্রুপের গ্লোবাল হেড অব সকার হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সুযোগ এলে তার বর্তমান চুক্তিতে বিশেষ রিলিজ ক্লজ কার্যকর হতে পারে। ২০২৩ সালে জার্মানির দায়িত্ব নেওয়ার পর নাগেলসমানের অধীনে দলটি কিছু ইতিবাচক ইঙ্গিত দিলেও বিশ্বকাপে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ফলে ২০১৮ ও ২০২২ সালের পর টানা তৃতীয় বিশ্বকাপেও প্রত্যাশার অনেক নিচে থেকে আসর শেষ করল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। স্কাই টাইমস / টিএম / ৩ জুলাই 

বিশ্বকাপ ব্যার্থতায় জার্মানির কোচের পদ ছাড়লেন নাগেলসমান