২০২৪ সালের এই দিনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে শেখ হাসিনা
২০২৪ সালের ১ আগস্ট বাংলাদেশের রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ দিন। এই দিন প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারার আওতায় জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির এবং তাদের অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্ত আসে দেশজুড়ে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল প্রেক্ষাপটে। জুলাই মাসজুড়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, সহিংসতা এবং প্রাণহানির ঘটনা দেশব্যাপী তীব্র অস্থিরতা সৃষ্টি করে। সরকার ওই সময়ের সহিংসতার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে তাদের বিরুদ্ধে এই কঠোর অবস্থান নেয়।নিষেধাজ্ঞা জারির আগে মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় শেখ হাসিনার সরকার। পরে আইন মন্ত্রণালয়ের মতামত এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ করে।একই দিনে ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত সংঘটিত সহিংসতায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্তে তিনজন হাইকোর্ট বিচারপতির সমন্বয়ে একটি তদন্ত কমিশন গঠন করা হয়। এছাড়া ০১ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আবু বাকের মজুমদার ও নুসরকত তাবাসসুমকে ছেড়ে দেয় গোয়েন্দা পুলিশ। যারা ডিবি হারুনের কার্যালয়ে আটক ছিলেন।এদিকে, সমন্বয়কদের মুক্তির পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ২ আগস্ট দেশব্যাপী দোয়া, গণমিছিল ও ছাত্র-জনতার অংশগ্রহণে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিভিন্ন স্থানে ‘রিমেম্বারস আওয়ারস হিরোস’ শিরোনামে দোয়া মাহফিল, শোক সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিও পালিত হয়।আন্তর্জাতিক অঙ্গনেও ওই দিনের ঘটনাপ্রবাহ গুরুত্ব পায়। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক বাংলাদেশের সরকারের কাছে চিঠি দিয়ে জুলাইয়ের সহিংসতা তদন্তে একটি স্বাধীন তথ্য-অনুসন্ধানী (ফ্যাক্ট-ফাইন্ডিং) দল পাঠানোর প্রস্তাব দেন।২০২৪ সালের ১ আগস্টের এই সিদ্ধান্ত বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায় হিসেবে বিবেচিত হয়। স্কাই টাইমস/ এমএ/ ০১ আগস্ট