সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

'মৃত শিক্ষকের বেতন উত্তোলন জামায়াত নেতার' নিউজের প্রতিবাদ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ভোলার তজুমদ্দিন উপজেলার একটি মাদরাসার মৃত শিক্ষকের নামে দীর্ঘদিন বেতন উত্তোলনের ঘটনায় জামায়াত নেতা মো. মহিউদ্দিনকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে 'মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত' দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভোলা জেলা শাখা।শনিবার (২ আগস্ট) জেলা আমির মুহাম্মদ জাকির হোসাইন ও জেলা সেক্রেটারি মো. হারুনুর রশিদের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।বিবৃতিতে নেতারা বলেন, একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, জালিয়াতির মাধ্যমে মৃত শিক্ষকের ব্যাংক হিসাব ও ইনডেক্স নম্বর ব্যবহার করে প্রায় ২০ বছর ধরে সরকারি বেতন-ভাতা উত্তোলন করেছেন জামায়াত নেতা মো. মহিউদ্দিন। এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার।জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মো. মহিউদ্দিন দীর্ঘদিন ধরে তজুমদ্দিনের মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় শিক্ষকতা করে আসছেন। নিয়োগের প্রায় দুই দশক পর হঠাৎ এ ধরনের অভিযোগ তোলার পেছনে তার ব্যক্তিগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্য রয়েছে বলে তারা মনে করেন।জামায়াত নেতারা আরও বলেন, সংশ্লিষ্ট মাদরাসার বর্তমান সুপার নুরুজ্জামান দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। যদি সত্যিই কোনো অনিয়ম থাকত, তাহলে তিনি অনেক আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতেন। তাদের অভিযোগ, ব্যক্তিগত বিরোধ ও রাজনৈতিক উদ্দেশ্য থেকে এসব অভিযোগ সামনে আনা হয়েছে।বিবৃতিতে গণমাধ্যমের প্রতি দায়িত্বশীলতার সঙ্গে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়। একই সঙ্গে, যারা মিথ্যা তথ্য ছড়িয়ে মো. মহিউদ্দিনের মানহানির চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।উল্লেখ্য, এ বিষয়ে সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা নির্ধারণে সরকারি তদন্ত বা আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও প্রকাশিত হয়নি।স্কাই টাইমস/ এমএ/ ০২ আগস্ট

'মৃত শিক্ষকের বেতন উত্তোলন জামায়াত নেতার' নিউজের প্রতিবাদ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি