জামায়াতের অভ্যন্তরে নতুন বিতর্ক, অসন্তোষ!
ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ সিদ্ধান্তকে ঘিরে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। সম্প্রতি কেন্দ্রীয় মজলিসে শূরা ও নির্বাহী পরিষদের এক সিদ্ধান্ত বাস্তবায়নকে কেন্দ্র করে এ আলোচনা শুরু হয়েছে।দলীয় একাধিক সূত্রের দাবি, গত ২২ জুন অনুষ্ঠিত কেন্দ্রীয় বৈঠকের সিদ্ধান্তের আলোকে ১২ জুলাই সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত একটি চিঠি জেলা ও মহানগর আমিরদের কাছে পাঠানো হয়। ওই চিঠিতে নির্দিষ্ট ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সদস্যদের বিষয়ে সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মধ্যম সারির নেতা অভিযোগ করেন, বর্তমানে দেশের বিভিন্ন গার্লস স্কুল, কলেজ ও মহিলা মাদ্রাসায় জামায়াতের অনেক পুরুষ সদস্য শিক্ষকতা করছেন। একইভাবে অনেক নারী সদস্য বয়েজ স্কুল, কলেজ ও মাদ্রাসায় কর্মরত রয়েছেন। তাঁদের ভাষ্য, নতুন নির্দেশনা কার্যকর হলে অনেককে চাকরি ও দলীয় সদস্যপদের মধ্যে একটি বেছে নেওয়ার পরিস্থিতিতে পড়তে হতে পারে।তাঁদের আরও দাবি, ইতোমধ্যে কিছু এলাকায় গার্লস শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত পুরুষ সদস্যদের রুকন (সদস্য) পদ স্থগিতের প্রক্রিয়া শুরু হয়েছে। একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন ছেলেদের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত নারী সদস্যরাও। এতে দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তারা।অভিযোগকারীদের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে অনেকের জীবিকা ও সাংগঠনিক অবস্থান একসঙ্গে সংকটে পড়তে পারে। তাই তারা দলীয় শীর্ষ নেতৃত্বের কাছে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা বা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, দীর্ঘদিন সংগঠনের জন্য কাজ করা সদস্যদের এমন পরিস্থিতিতে ফেলা উচিত নয়।এ বিষয়ে জানতে জামায়াতে ইসলামীর একাধিক শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তারা বিষয়টি নিয়ে দলের প্রেস টিমের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। তবে নাম প্রকাশ না করার শর্তে দলের দুজন জ্যেষ্ঠ নেতা সংশ্লিষ্ট চিঠির অস্তিত্বের কথা নিশ্চিত করেছেন।এদিকে, এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক লিখিত ব্যাখ্যা বা বক্তব্য প্রকাশ করা হয়নি। ফলে অভিযোগগুলোর বিষয়ে দলটির আনুষ্ঠানিক অবস্থান এখনও স্পষ্ট নয়। পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা চলছে।স্কাই টাইমস/ এমএ/ ২১ জুলাই