সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

জাইমা রহমানকে জাতিসংঘে নিয়োগ: স্বার্থের সংঘাতের অভিযোগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের জাতিসংঘে আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ নিয়ে স্বার্থের সংঘাত ও স্বজনপ্রীতির আশঙ্কা প্রকাশ করেছেন দুর্নীতিবিরোধী বিশেষজ্ঞরা।বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সম্পর্কের বিষয়টি সামনে এনে তারা নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে জাতিসংঘের পক্ষ থেকে নিয়োগটি নিয়ম মেনেই হয়েছে বলে দাবি করা হয়েছে।ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের লেখা এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে নেত্র নিউজ। শুক্রবার (৯ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনটিতে বিশেষজ্ঞদের বক্তব্য, জাতিসংঘের নীতিমালা এবং জাইমা রহমানের প্রকাশ্য কর্মজীবনের তথ্য বিশ্লেষণ করে নিয়োগটি নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে ধরা হয়েছে।নিয়োগ নিয়ে কেন প্রশ্ন?প্রতিবেদন অনুযায়ী, জাইমা রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে আইন কর্মকর্তা হিসেবে এক বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছেন। গত ১৫ জুলাই তার নিয়োগ কার্যকর হয়। এ পদে প্রারম্ভিক বার্ষিক বেতন প্রায় ১ লাখ ৩১ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১ কোটি ৬০ লাখ টাকা।এ নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠার অন্যতম কারণ হলো, খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি এমন একটি দপ্তরের সঙ্গে যুক্ত, যেখানে প্রধানমন্ত্রীর মেয়ে নিয়োগ পেয়েছেন।দুর্নীতিবিরোধী বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পরিস্থিতিতে নিয়োগপ্রক্রিয়ায় ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্কের প্রভাব ছিল কি না, তা স্পষ্ট করা প্রয়োজন।যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্সের গভর্ন্যান্স অ্যান্ড ইন্টিগ্রিটি বিভাগের অধ্যাপক এলিজাবেথ ডেভিড-ব্যারেট বলেন, বিষয়টি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির জন্য নির্ধারিত নৈতিকতা বিধি লঙ্ঘনের সম্ভাবনা তৈরি করে। তার মতে, এতে স্বজনপ্রীতি ও পক্ষপাতমূলক সুবিধা দেওয়ার আশঙ্কাও রয়েছে।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানও নিয়োগটিকে স্বার্থের সংঘাতের স্পষ্ট উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন।নিয়োগের সময় নিয়ে জাতিসংঘের ব্যাখ্যানিয়োগ নিয়ে প্রশ্নের জবাবে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তর বলেছে, সংশ্লিষ্ট নিয়োগ জাতিসংঘের নিয়মকানুন অনুসরণ করেই দেওয়া হয়েছে। দপ্তরটির মুখপাত্র মেলিসা সামার্স জানান, খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন ৮ সেপ্টেম্বর। অন্যদিকে, জাইমা রহমানের নিয়োগ দেওয়া হয় ১৫ জুলাই।তবে প্রতিবেদনে বলা হয়েছে, খলিলুর রহমান ২ জুনই জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগেই তিনি নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের প্রস্তুতি পর্বে ছিলেন।জাতিসংঘের সাধারণ পরিষদের কার্যক্রম সংক্রান্ত ২০২৫ সালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, নবনির্বাচিত সভাপতিরা দায়িত্ব গ্রহণের আগে নিজেদের দপ্তরের জন্য প্রয়োজনীয় জনবল ও সহযোগী দল গঠনে উল্লেখযোগ্য সময় ব্যয় করেন। একই প্রতিবেদনে সভাপতির মাধ্যমে আটটি অস্থায়ী পদে নিয়োগ দেওয়ার বিষয়টিও উল্লেখ রয়েছে।এ কারণে নিয়োগের আনুষ্ঠানিক তারিখের পাশাপাশি নির্বাচিত হওয়ার পর নিয়োগপ্রক্রিয়ায় কার কী ভূমিকা ছিল, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।নেত্র নিউজের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, জাইমা রহমানকে নির্বাচনের ক্ষেত্রে খলিলুর রহমানের কোনো ভূমিকা ছিল কি না। তবে মুখপাত্র মেলিসা সামার্স এ বিষয়ে সরাসরি কোনো ব্যাখ্যা দেননি। তিনি জানান, এ বিষয়ে তার আর কিছু যোগ করার নেই।জাতিসংঘের নৈতিকতা বিধিতে কী বলা আছে?জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির জন্য প্রণীত নৈতিকতা বিধিতে ব্যক্তিগত বা ব্যক্তিগত স্বার্থের সঙ্গে সভাপতির দপ্তর কিংবা জাতিসংঘের স্বার্থের সংঘাত সৃষ্টি হতে পারে—এমন পরিস্থিতি এড়িয়ে চলার নির্দেশনা রয়েছে।এ ছাড়া কোনো রাষ্ট্র, প্রতিষ্ঠান বা ব্যক্তিকে অনুচিতভাবে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হতে পারে, এমন আচরণ থেকেও বিরত থাকার কথা বলা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে সাবেক সভাপতি জন অ্যাশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুষসংক্রান্ত অভিযোগ ওঠার পর সাধারণ পরিষদের সভাপতির জন্য এ নৈতিকতা বিধি গ্রহণ করা হয়। জন অ্যাশের বিরুদ্ধে ১৩ লাখ মার্কিন ডলারের বেশি ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছিল।খলিলুর রহমান ২ জুন সভাপতি নির্বাচিত হওয়ার পর দেওয়া বক্তব্যে জাতিসংঘ সনদ ও সভাপতির আচরণবিধি পূর্ণাঙ্গভাবে অনুসরণের অঙ্গীকার করেছিলেন।বিশেষজ্ঞদের মতে, এ ধরনের নীতিমালার উদ্দেশ্য শুধু প্রকৃত অনিয়ম ঠেকানো নয়; বরং কোনো নিয়োগে পক্ষপাতের ধারণা তৈরি হলেও তার ব্যাখ্যা ও জবাবদিহি নিশ্চিত করা।জাইমা রহমানের যোগ্যতা নিয়ে কী তথ্য পাওয়া গেছে?প্রতিবেদনটিতে জাইমা রহমানের পেশাগত অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। জাতিসংঘের পি-৩ পর্যায়ের পদে সাধারণত স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের যোগ্যতার সঙ্গে অন্তত পাঁচ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা প্রয়োজন। স্নাতক ডিগ্রির ক্ষেত্রে সাধারণ মানদণ্ড সাত বছরের অভিজ্ঞতা।জাইমা রহমান আইন বিষয়ে ডিগ্রিধারী এবং ইংল্যান্ড ও ওয়েলসের বার-এ আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, তার বার কোর্সকে স্নাতকোত্তর ডিগ্রির সমমান হিসেবে বিবেচনা করা হলে পাঁচ বছরের অভিজ্ঞতার মানদণ্ড প্রাসঙ্গিক হয়।নেত্র নিউজের পর্যালোচনা করা তার লিংকডইন প্রোফাইলে ২০২০ সালের আগস্ট থেকে ২০২২ সালের মে পর্যন্ত বিভিন্ন পেশাগত কাজের উল্লেখ রয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানে ১১ মাস পূর্ণকালীন কাজ, পাঁচ মাস খণ্ডকালীন আইনি সহকারী হিসেবে দায়িত্ব পালন এবং কয়েকটি প্রতিষ্ঠানের হয়ে ফ্রিল্যান্স আদালত-সংশ্লিষ্ট কাজের তথ্য রয়েছে।তবে তার জাতিসংঘের জীবনীতে স্বাস্থ্য খাতে আইনি পরামর্শ ও জনসংযোগের কাজ এবং ঢাকার আইন প্রতিষ্ঠান সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের সঙ্গে কাজের উল্লেখ রয়েছে। এসব কাজের নির্দিষ্ট সময়কাল ও বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।আইন প্রতিষ্ঠানটি গোপনীয়তার কারণ দেখিয়ে তিনি সেখানে কবে থেকে কত দিন কাজ করেছেন, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।নেত্র নিউজের প্রতিবেদনের মূল্যায়ন হলো, প্রকাশ্য ও তারিখযুক্ত কর্মজীবনের তথ্য থেকে পাঁচ বছরের প্রয়োজনীয় অভিজ্ঞতা নিশ্চিত করা যাচ্ছে না। তবে অন্যান্য কাজের বিস্তারিত সময়কাল প্রকাশিত না হওয়ায় তার মোট অভিজ্ঞতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর মতো সব তথ্যও প্রতিবেদনে পাওয়া যায়নি।সরকারের বক্তব্যজাইমা রহমানের নিয়োগের বিষয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি নিজের যোগ্যতার ভিত্তিতেই চাকরিটি পেয়েছেন এবং এ নিয়োগে সরকারের কোনো ভূমিকা ছিল না।প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে জানান, জাতিসংঘের প্রচলিত নিয়ম ও নিয়োগপ্রক্রিয়া অনুসরণ করেই তার নিয়োগ দেওয়া হয়েছে।৩০ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, জাইমা রহমান তার যোগ্যতার ভিত্তিতে পি-৩ পদে নিয়োগ পেয়েছেন। এ পদের জন্য পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন এবং তার পেশাগত প্রোফাইল সেই যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে তিনি দাবি করেন।মাহদী আমিন আরও বলেন, এ নিয়োগের ক্ষেত্রে সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না।অন্যদিকে, জাতিসংঘের মুখপাত্র সামার্স জানান, নিয়োগের শর্তাবলিতে নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিভাগের সংশ্লিষ্ট দপ্তর তার যোগ্যতা পর্যালোচনা করেছে। তার ভাষ্য অনুযায়ী, নিয়োগটি প্রতিষ্ঠিত চর্চা, জাতিসংঘের নিয়ম ও বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।তবে নিয়োগের বিস্তারিত শর্তাবলি বা টার্মস অব রেফারেন্স প্রকাশ করতে রাজি হয়নি সভাপতির দপ্তর।জাইমা রহমানের কাছে মন্তব্য জানতে ই-মেইল পাঠানো হলেও প্রতিবেদন প্রকাশের সময় তিনি উত্তর দেননি।-সূত্র: নেত্র নিউজ

জাইমা রহমানকে জাতিসংঘে নিয়োগ: স্বার্থের সংঘাতের অভিযোগ