অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে জোর
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুর অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর গড়ে তুলতে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।শনিবার (১৮ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত নিউ আরবান এজেন্ডার মধ্যমেয়াদি পর্যালোচনা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পিত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন এবং সুষম আঞ্চলিক উন্নয়ন দেশের জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম ভিত্তি। তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ নগরায়ণকে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি এবং জলবায়ু-সহনশীলতা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করছে।তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় সরকার সাশ্রয়ী আবাসনের সুযোগ সম্প্রসারণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আরও কার্যকর করা এবং টেকসই নগর অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে। এসব উদ্যোগ নিউ আরবান এজেন্ডা ও টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।আহাম্মদ সোহেল মনজুর বলেন, ভবিষ্যৎমুখী নগর উন্নয়ন কৌশলের অংশ হিসেবে সরকার সমন্বিত স্থানিক পরিকল্পনা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, উদ্ভাবনী নগর অর্থায়ন, সুষম আঞ্চলিক উন্নয়ন এবং জলবায়ু-সহনশীল নগর অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে।আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি টেকসই নগরায়ণ ত্বরান্বিত করতে বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার, প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জানান।বক্তব্যের শেষাংশে প্রতিমন্ত্রী বলেন, টেকসই নগর উন্নয়নের মাধ্যমে এমন একটি ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে, যেখানে কোনো মানুষ বা কোনো অঞ্চল উন্নয়নের মূলধারা থেকে পিছিয়ে থাকবে না। স্কাইটাইমস/টিএম/১৮ জুলাই