জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদলের সংঘর্ষের কারণ টেন্ডার!
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নকাজ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। অন্যদিকে, ছাত্রদল উন্মুক্ত দরপত্র (ওপেন টেন্ডার) প্রক্রিয়ার পক্ষে অবস্থান নিয়েছে।মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও পরবর্তী সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের নেতারা এই অভিযোগ করেন। এই সময় শিবির সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন। এসব ঘটনার নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের বড় উন্নয়ন প্রকল্প সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়িত হলে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং চাঁদাবাজির সুযোগ থাকবে না। তার অভিযোগ, ওপেন টেন্ডারের মাধ্যমে কাজ বাস্তবায়নের পক্ষে অবস্থান নেওয়ার পেছনে অবৈধ কমিশন ও চাঁদাবাজির স্বার্থ কাজ করছে।সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ অনুষ্ঠানে শিক্ষার্থীরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে প্রবেশ করতে চাইলে বাধার মুখে পড়েন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় এবং সংঘর্ষের ঘটনা ঘটে বলে তাদের অভিযোগ।শিবির আরও দাবি করে, সংঘর্ষে জকসুর কয়েকজন প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিক আহত হন। পরে হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পরও হামলার শিকার হওয়ার অভিযোগ তোলা হয়। একই সঙ্গে ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসায়ও তাদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ আনে সংগঠনটি।সংবাদ সম্মেলন থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি, দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা, আহতদের চিকিৎসার ব্যয় বহন, ঢাকা আলিয়া মাদ্রাসার আবাসিক হল শিক্ষার্থীদের কাছে ফিরিয়ে দেওয়া এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নকাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের উদ্যোগ গ্রহণ।এদিকে, এসব ঘটনার প্রতিবাদ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত গণজমায়েত কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রশিবির।তবে ছাত্রদল দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের পরিবর্তে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ার পক্ষে অবস্থান নিয়েছে। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উভয় সংগঠনের পক্ষ থেকেই পাল্টাপাল্টি অভিযোগ তোলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।স্কাই টাইমস/ এমএ/ ০৫ আগস্ট