সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

বিদায় বার্তা দিলেন ছাত্রদল সভাপতি রাকিব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দায়িত্বের অধ্যায় শেষ করে নতুন জীবন শুরুর প্রত্যাশা ব্যক্ত করে বিদায়ী বার্তা দিয়েছেন।বৃহস্পতিবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দায়িত্ব পালনে সহযোগিতা করা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।রাকিব বলেন, মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।এ ছাড়া বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ দলের শীর্ষ নেতাদের পাশাপাশি ছাত্রদলের সাবেক নেতাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।নিজের দায়িত্বকালীন সময়ের সহকর্মীদের প্রসঙ্গে রাকিব বলেন, কেন্দ্রীয় সংসদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও চার মহানগরের নেতাকর্মীদের আন্তরিক সহযোগিতায় সংগঠনের কার্যক্রম পরিচালনা সম্ভব হয়েছে। রাজপথের কর্মসূচি সফল করার ক্ষেত্রে ঢাকা শহরের পাঁচ কলেজ ও চার মহানগরের নেতাকর্মীদের ভূমিকার কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি।রাকিব দাবি করেন, তার নেতৃত্বাধীন সময়ের কেন্দ্রীয় সংসদ, বিশ্ববিদ্যালয় ও কলেজ ইউনিটের নেতাকর্মীদের নিয়ে তিনি গর্বিত। আর্থিক সংকটের মধ্যেও তারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং নিজেদের অধীনস্থ নেতাকর্মীদেরও নীতি-আদর্শ ও সততার সঙ্গে চলতে উৎসাহিত করেছেন।শিক্ষার্থীদের প্রসঙ্গেও নিজের অবস্থান তুলে ধরেন ছাত্রদল সভাপতি। তিনি বলেন, বিভিন্ন ক্যাম্পাসে ইতিবাচক ছাত্র রাজনীতি বিকাশে তিনি ব্যক্তিগতভাবে কাজ করার চেষ্টা করেছেন। ছাত্রদলের কোনো নেতাকর্মীর কারণে সাধারণ শিক্ষার্থী যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি না হন, সে বিষয়ে তিনি বিশেষভাবে মনোযোগী ছিলেন।নিজ দলের বাইরের সাধারণ শিক্ষার্থীরাও বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে এলে নিজের অবস্থান থেকে সমাধানের চেষ্টা করেছেন বলে জানান তিনি। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান।জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গে রাকিব বলেন, রাকিব-নাসির কমিটির অন্যতম সাফল্য ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি প্রণয়ন এবং রাজপথে ভূমিকা রাখা। তার দাবি, ৫ আগস্টের পরবর্তী সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠনকে নানা ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক সমালোচনা ও বুলিং উপেক্ষা করেও নেতৃত্ব দিতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।বিদায়ী বার্তায় নিজের ভুল-ত্রুটির জন্য ক্ষমাও চেয়েছেন রাকিব। তিনি বলেন, দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে গিয়ে তারও ভুলত্রুটি থাকতে পারে এবং তার কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন।নতুন জীবনের প্রত্যাশা জানিয়ে ছাত্রদলের এই নেতা বলেন, তিনি নিজেকে আরও পরিশুদ্ধ, মানবিক ও সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে চান।সবশেষে ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সবাই স্বাগত জানাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন রাকিব। পোস্টের শেষে তিনি ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান দিয়ে বিদায়ী বার্তা শেষ করেন।স্কাই টাইমস/ এমএ/ ১৪ আগস্ট

বিদায় বার্তা দিলেন ছাত্রদল সভাপতি রাকিব